নির্যাতনের শিকার কর্মীদের জন্য যুক্তরাজ্যে নতুন ভিসা সুবিধা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৬

যুক্তরাজ্যে নিয়োগকর্তার নির্যাতন ও শোষণের শিকার অভিবাসী কর্মীদের জন্য নতুন সুযোগ চালু করেছে দেশটির হোম অফিস। আধুনিক দাসত্বের শিকার হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাওয়া কর্মীরা এখন ভিসার মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত অন্য নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন।

নতুন নিয়মে কেয়ার ওয়ার্কার, শেফসহ বিভিন্ন পেশার কর্মীরা নিয়োগকর্তার হাতে শোষণের শিকার হলে চাকরি পরিবর্তনের সুযোগ পাবেন। ৩ সেপ্টেম্বর থেকে এই পরিবর্তন কার্যকর হয়েছে।

ব্রেক্সিটের পর ২০২১ সালে চালু হওয়া দক্ষ কর্মী ভিসা ব্যবস্থায় অভিবাসী কর্মীদের ভিসা নির্দিষ্ট নিয়োগকর্তার সাথে যুক্ত ছিল। ফলে চাকরি হারালে নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন স্পন্সর না পেলে তাদের যুক্তরাজ্য ছাড়ার ঝুঁকি তৈরি হতো। এই পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু নিয়োগকর্তার বিরুদ্ধে কম মজুরি দেওয়া, অতিরিক্ত সময় কাজ করানো এবং অনিরাপদ বা শূন্য ঘণ্টার চুক্তিতে কর্মীদের বাধ্য করার অভিযোগ ছিল।

নতুন নিয়ম অনুযায়ী, জাতীয় রেফারেল মেকানিজমের মাধ্যমে কোনো কর্মীকে আধুনিক দাসত্বের শিকার হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হলে তিনি অন্য নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন।

সালভেশন আর্মির ডেপুটি ডিরেক্টর মেজর হিদার গ্রিনস্টেড বলেন, চাকরি পরিবর্তনের সুযোগ ভুক্তভোগীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে জীবন পুনর্গঠনে সহায়তা করবে।

তবে ওয়ার্ক রাইটস সেন্টারের প্রধান নির্বাহী ড. ডোরা-অলিভিয়া ভিকল সতর্ক করে বলেছেন, নতুন ব্যবস্থা কার্যকর করতে হলে আধুনিক দাসত্ব শনাক্ত করার কাঠামো কর্মীদের জন্য সহজলভ্য করতে হবে।

যুক্তরাজ্যে আধুনিক দাসত্বের মধ্যে অমানবিক কর্মপরিবেশ ও বসবাসের ব্যবস্থা, বেতন আটকে রাখা, প্রতারণা, ভয়ভীতি দেখানো, হুমকি, সহিংসতা, চলাফেরায় নিয়ন্ত্রণ এবং পাসপোর্ট কেড়ে নেওয়ার মতো বিষয় অন্তর্ভুক্ত।

মাইগ্রেশন ও সিটিজেনশিপ মন্ত্রী জো হোয়াইট বলেছেন, অভিবাসন অবস্থার কারণে কোনো ভুক্তভোগীকে শোষণকারী নিয়োগকর্তার সাথে আটকে থাকতে হবে না। নতুন ব্যবস্থা তাদের চাকরি পরিবর্তনের স্বাধীনতা দেবে এবং একই সাথে শোষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে নিয়োগকর্তাদের স্পন্সর লাইসেন্স বাতিলের সংখ্যাও বেড়েছে। লেবার সরকার ক্ষমতায় আসার পর থেকে ৬ হাজার ৬০০টি স্পন্সর লাইসেন্স বাতিল করা হয়েছে। এর মধ্যে গত এক বছরেই বাতিল হয়েছে ৪ হাজার ৪০০টি।

সরকার জানিয়েছে, অভিবাসন শ্বেতপত্রের মাধ্যমে স্পন্সরকৃত কর্মীদের নিয়োগকর্তা পরিবর্তনের প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ইউনিয়ন ও স্থানীয় কাউন্সিলগুলোও অভিবাসী কর্মীদের সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

গত বছর যুক্তরাজ্যে ১ লাখ ১১ হাজার দক্ষ কর্মী ভিসা দেওয়া হয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে নতুন কেয়ার ওয়ার্কার ভিসার আবেদন বন্ধ হওয়ায় দক্ষ কর্মী ভিসা দেওয়ার সংখ্যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে।