বিদেশভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের অনুমতি
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৬
বিদেশভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে পারবেন। আগে এই সীমা ছিল ১২ হাজার ডলার।
এর মধ্যে প্রতিবার বিদেশভ্রমণের সময় সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদ নেওয়া যাবে। বাকি অর্থ আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে খরচ করা যাবে।
৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোতে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, বিদেশভ্রমণের জন্য প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১৮ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার প্রকৃত চাহিদা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পর্যটন, আত্মীয়স্বজনের সাথে দেখা করা এবং অন্যান্য অনুমোদিত ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিরা বাড়তি সুবিধা পাবেন।
নতুন সীমা প্রতি পঞ্জিকাবর্ষে কার্যকর হবে। অর্থাৎ, প্রতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সীমা প্রযোজ্য হবে।
তবে ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে। তারা প্রাপ্তবয়স্কদের অনুমোদিত সীমার ৫০ শতাংশ অর্থাৎ সর্বোচ্চ ৯ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবে।
বাংলাদেশ ব্যাংক আশা করছে, ভ্রমণ কোটার সীমা বাড়ানোর ফলে বিদেশভ্রমণকারীদের বৈদেশিক মুদ্রার প্রয়োজন মেটানো আরও সহজ হবে। পাশাপাশি নগদের পাশাপাশি কার্ডে অর্থ খরচের সুযোগ থাকায় আন্তর্জাতিক ভ্রমণে লেনদেন আরও নিরাপদ ও সুবিধাজনক হবে।



