প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে বাড়তি খরচ বাংলাদেশে

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দেশে অর্থ পাঠাতে এখনো তুলনামূলক বেশি খরচ করতে হচ্ছে প্রবাসীদের। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (ইউএনসিট্যাড) প্রকাশিত সর্বশেষ বৈশ্বিক বাণিজ্য আপডেট অনুযায়ী, বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে গড়ে ৭ থেকে ৮ শতাংশ পর্যন্ত খরচ হয়। স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) মধ্যে এটি অন্যতম উচ্চ ব্যয়।

সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদনে ইউএনসিট্যাডের তথ্যের বরাত দিয়ে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাংকের ২০২৩ সালের রেমিট্যান্স ট্রান্সফার বেঞ্চমার্কে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত লাখো বাংলাদেশি নিয়মিত দেশে অর্থ পাঠান। রেমিট্যান্সের ওপর বাংলাদেশের বড় ধরনের নির্ভরতার কারণে দেশটি বিশ্বের শীর্ষ ১০ রেমিট্যান্স গ্রহণকারী দেশের তালিকায় রয়েছে।

ইউএনসিট্যাডের প্রতিবেদনে বলা হয়েছে, এলডিসি দেশগুলোর প্রায় অর্ধেকেই রেমিট্যান্স পাঠানোর খরচ তুলনামূলক বেশি। এসব দেশের মধ্যে বেনিন ও অ্যাঙ্গোলায় রেমিট্যান্স পাঠানোর খরচ সবচেয়ে বেশি। অন্যদিকে লাওস ও হাইতিতে এ ব্যয় তুলনামূলক কম।

তবে আফ্রিকার কিছু দেশে মোবাইল মানি ব্যবহারের প্রসারের ফলে রেমিট্যান্স লেনদেনে অগ্রগতি হয়েছে। সাব-সাহারান আফ্রিকায় মোবাইল মানি ব্যবহারকারীর হার ২০২১ সালের ২৭ শতাংশ থেকে বেড়ে ২০২৪ সালে ৪০ শতাংশে দাঁড়িয়েছে।

সেবা রপ্তানিতে পিছিয়ে এলডিসি

ইউএনসিট্যাডের প্রতিবেদনে বৈশ্বিক সেবা বাণিজ্যের চিত্রও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, গত এক দশকে বিশ্বব্যাপী সেবা রপ্তানি বছরে গড়ে ৬ দশমিক ৭ শতাংশ হারে বেড়েছে। এ প্রবৃদ্ধি পণ্য রপ্তানির চেয়ে বেশি। ২০২৫ সালে বৈশ্বিক সেবা রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৩ শতাংশ।

সেবা খাতের মধ্যে ডিজিটালি সরবরাহযোগ্য সেবা (ডিডিএস) সবচেয়ে দ্রুত সম্প্রসারিত হয়েছে। বর্তমানে বৈশ্বিক সেবা রপ্তানির ৫৬ শতাংশই এ ধরনের সেবা।

তবে এ প্রবৃদ্ধির সুবিধা নিতে পারেনি এলডিসি দেশগুলো। এসব দেশের সেবা রপ্তানি বছরে গড়ে মাত্র ৩ শতাংশ হারে বেড়েছে। ২০১০ সালে বৈশ্বিক সেবা রপ্তানিতে এলডিসি দেশগুলোর অংশ ছিল ১ শতাংশেরও কম। ২০২৫ সালে তা আরও কমে ০ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে।

উন্নত অর্থনীতিগুলোতে মোট সেবা রপ্তানির ৬১ শতাংশই ডিজিটালি সরবরাহযোগ্য সেবা হলেও এলডিসি দেশগুলোতে এর অংশ মাত্র ১৬ শতাংশ।

সেবার ওপর নির্ভরতা বাড়ছে

প্রতিবেদনে ‘সার্ভিসিফিকেশন’-এর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ, লজিস্টিকস, অর্থায়ন, নকশা ও ডেটা ব্যবস্থাপনার মতো সেবা এখন প্রায় সব উৎপাদন ও বাণিজ্য খাতের জন্য অপরিহার্য হয়ে উঠছে।

২০২২ সালে বৈশ্বিক মধ্যবর্তী ইনপুটে সেবার অংশ ছিল ৭১ শতাংশ। উন্নত অর্থনীতিতে এ হার ৭৮ শতাংশ হলেও এলডিসি দেশগুলোতে তা ৫৮ শতাংশ। একইভাবে শিল্পপণ্য রপ্তানিতে সেবার অংশ বিশ্বব্যাপী ৩৩ শতাংশ হলেও এলডিসি দেশগুলোতে তা মাত্র ১৩ শতাংশ।

ইউএনসিট্যাড বলছে, দুর্বল যোগাযোগব্যবস্থা, সীমান্ত পারাপারে উচ্চ লেনদেন ব্যয় এবং দক্ষ জনবলের ঘাটতি উন্নয়নশীল দেশগুলোর বৈশ্বিক সেবা বাণিজ্যে অংশগ্রহণকে সীমিত করছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ক্ষেত্রেও বৈষম্য আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। প্রয়োজনীয় প্রযুক্তি ও অর্থায়ন এখনো সীমিতসংখ্যক দেশের হাতে কেন্দ্রীভূত থাকায় উন্নয়নশীল দেশগুলো পিছিয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডিজিটাল বাণিজ্যে বহুপক্ষীয় নিয়ম তৈরির অগ্রগতিও ধীর। আঞ্চলিক ও দ্বিপক্ষীয় চুক্তিতে ভিন্ন ভিন্ন নিয়ম থাকায় জটিলতা বাড়ছে। এ পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলোকে শক্তিশালী ডেটা ব্যবস্থাপনা, উন্নত ডিজিটাল অবকাঠামো এবং আন্তর্জাতিক বাণিজ্যের নতুন নিয়ম তৈরির প্রক্রিয়ায় আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।