সংযুক্ত আরব আমিরাতে চার হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানের চেষ্টা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬
সংযুক্ত আরব আমিরাতে চার হাজার বাংলাদেশির ভিসা বাতিলের বিষয়টি সরকার অবগত রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সমস্যা সমাধানে কূটনৈতিক পর্যায়ে আমিরাত সরকারের সঙ্গে আলোচনা চলছে।
৬ সেপ্টেম্বর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া চার হাজার বাংলাদেশির বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত রয়েছে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা চলছে।
এদিকে ভিসা বাতিলের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রবাসীরা জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। তারা জানান, ছুটিতে দেশে ফেরার পর ভিসা বাতিলের কারণে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। এতে তারা পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা দ্রুত পুনর্বাসন, মাসিক সহায়তা ভাতা এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ মোট পাঁচটি দাবি জানান।
প্রবাসীরা বলেন, হঠাৎ ভিসা বাতিল হয়ে যাওয়ায় তাদের অনেকেই আমিরাতে ফিরতে পারছেন না। কারও পরিবার সেখানে আটকা পড়েছে, আবার কেউ দেশে ফিরে কর্মসংস্থান হারিয়ে বিপাকে পড়েছেন। আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবার চালাতেও তাদের হিমশিম খেতে হচ্ছে।
প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের স্বার্থ রক্ষায় কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।



