ইতালিতে বাঁধনকে হেনস্তার অভিযোগ, নিরাপত্তা চাইল ছাত্র ফ্রন্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬
ইতালির ভেনিস শহরে অভিনেত্রী ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক আজমেরী হক বাঁধনকে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, একটি চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সোমবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে ভেনিসে একটি আবাসিক হোটেলের পাশের পার্কে ঘুরতে যান আজমেরী হক বাঁধন। সেখানে আওয়ামী লীগের একদল নেতাকর্মী তার ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় তাকে উদ্দেশ করে গালিগালাজ করা হয় এবং তার শরীরে পানি ও কোল্ড ড্রিংকস ছুড়ে মারা হয় বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে। একই সঙ্গে তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে শারীরিকভাবে হেনস্তা ও জীবননাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।
বিবৃতিতে ছাত্র ফ্রন্টের নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই সক্রিয় ভূমিকা রেখেছেন। আজমেরী হক বাঁধনও এ আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।
তাদের দাবি, গণঅভ্যুত্থানের পর দুই বছর পেরিয়ে গেলেও জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত হয়নি। একই সঙ্গে অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের নিরাপত্তা দিতে সরকার বারবার ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
ঘটনার বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করে আজমেরী হক বাঁধনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।



