অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপ, বুধবার আঘাতের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৬
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমে শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামী বুধবার (২৮ অক্টোবর) ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঘূর্ণিঝড়টির বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা খুবই কম বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
রোববার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে রোববার সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। এটি দক্ষিণ দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ওই দিনই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
পরবর্তী সময়ে নিম্নচাপটি দিক পরিবর্তন করে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ক্রমে শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে বুধবার ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।



