রাতভর রাশিয়া-ইউক্রেনের হামলা, প্রাণ গেল ২ জনের

ডেল্টা আর্ন্তজাতিক

ডেল্টা আর্ন্তজাতিক

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুই দেশের কর্মকর্তারা হতাহতের এ তথ্য জানিয়েছেন।

রুশ-নিয়ন্ত্রিত ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় একটি যাত্রীবাহী বাসের এক যাত্রী নিহত হন। মস্কো-নিযুক্ত ওই অঞ্চলের গভর্নর ইয়েভগেনি বালিৎস্কি এ তথ্য জানান।

বালিৎস্কির ভাষ্য অনুযায়ী, সিমফেরোপোল থেকে মস্কোগামী বাসটিতে ৩১ জন যাত্রী ছিলেন। প্রিমোরস্ক শহরের কাছে বাসটি ড্রোন হামলার শিকার হয়। এতে একজন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, যেসব যাত্রীর হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হয়নি, তাদের খাবার ও থাকার ব্যবস্থা করা হয়েছে। জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন বলেও জানান।

অন্যদিকে, ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতভর ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। এসব হামলায় স্থলভিত্তিক নির্ভুল নিশানার অস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।

মন্ত্রণালয় আরও দাবি করেছে, কিয়েভের প্রতিরক্ষা শিল্প-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও পরিবহন অবকাঠামো, খারকিভ অঞ্চলের একটি সরবরাহকেন্দ্র এবং ইউক্রেনীয় বাহিনীর স্বার্থে ব্যবহৃত কয়েকটি জাহাজ হামলার লক্ষ্যবস্তু ছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি।