স্লোভাকিয়ায় মানব পাচার চক্র ধরা, ৭ হাজার ডলারে সীমান্ত পার
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬
ইউক্রেনের ট্রান্সকারপাথিয়া অঞ্চলে স্লোভাকিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপারের একটি মানব পাচার চক্রের সন্ধান পেয়েছে সীমান্তরক্ষী বাহিনী। এ ঘটনায় দুই ইউক্রেনীয় নাগরিককে আটক করা হয়েছে।
সীমান্তরক্ষী ইউনিটের সদস্যরা উঝহোরোদ জেলার অনোকিভৎসি গ্রামের কাছে অভিযান চালিয়ে চক্রটির কার্যক্রম শনাক্ত করেন। তদন্তে জানা গেছে, ২৩ বছর বয়সী এক যুবক চক্রটির মূল সংগঠক। পরে তিনি ২৮ বছর বয়সী এক সহযোগীকে যুক্ত করেন। ওই সহযোগীর দায়িত্ব ছিল পাচারের জন্য লোক পরিবহন, অর্থ সংগ্রহ এবং আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হলে কীভাবে আচরণ করতে হবে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া।
সীমান্তরক্ষী বাহিনীর তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পাচারের জন্য আগ্রহী ব্যক্তিদের খুঁজে বের করা হতো। অবৈধভাবে সীমান্ত পার করে দেওয়ার বিনিময়ে প্রত্যেকের কাছ থেকে নেওয়া হতো ৭ হাজার ডলার। অর্থ লেনদেনের কিছু অংশের তথ্যও তদন্তকারীরা নথিভুক্ত করেছেন।
অভিযানে ৩ হাজার ২০০ ডলার নগদ অর্থ, তিনটি মোবাইল ফোন ও পাচারে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে। আটক দুই ব্যক্তিকে অস্থায়ী আটক কেন্দ্রে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে এবং আদালতের আদেশে ৬০ দিনের জন্য আটক রাখা হয়েছে। তবে তাদের জামিনের সুযোগ রয়েছে।
চক্রটির সঙ্গে আরও কারা জড়িত, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে। পাচারের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে ইউক্রেনের ওডেসা অঞ্চলেও একই ধরনের একটি চক্রের সন্ধান পাওয়া যায়। সেখানে চারজন স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে সামরিক বাহিনীতে যোগদানের উপযুক্ত বয়সী পুরুষদের অবৈধভাবে সীমান্ত পার করে দেওয়ার পরিকল্পনার অভিযোগ ওঠে। তাঁদের মধ্যে দুইজন নারী ছিলেন।



