মালয়েশিয়ার লেবুহ পুদুতে অভিযানে ৪৭২ বিদেশি আটক
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৬
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের লেবুহ পুদু এলাকায় বড় ধরনের অভিযানে ৪৭২ বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
ইমিগ্রেশন বিভাগের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রায় ২ হাজার ৫০০ বিদেশিকে যাচাই করা হয়। পরে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া কিংবা অনুমোদনহীন নথি ব্যবহারের অভিযোগে ৪৭২ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ৪৩৯ জন পুরুষ এবং ৩৩ জন নারী। তারা বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, ফিলিপাইন, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও ভারতের নাগরিক বলে জানিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তবে আটক বাংলাদেশির সংখ্যা আলাদাভাবে প্রকাশ করা হয়নি।
লেবুহ পুদু এলাকাটি প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতির কারণে পরিচিত। স্থানীয়ভাবে এলাকাটিকে অনেক সময় ‘মিনি ঢাকা’ নামেও ডাকা হয়।
অভিযানের পর আটক ব্যক্তিদের কুয়ালালামপুরের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যাদের বৈধ ভ্রমণ নথি ও কাজের অনুমতিপত্র পাওয়া গেছে, তাদের যাচাই শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
মালয়েশিয়ায় অবস্থানরত বিদেশি কর্মীদের জন্য এ ধরনের অভিযান নতুন করে সতর্কবার্তা হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। বৈধ ভিসা, কাজের অনুমতি ও প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও প্রবাসীদের বৈধ পথে থাকা ও কাজ করার বিষয়ে সতর্ক করা হয়েছে। অবৈধ অবস্থান করলে জেল, জরিমানা ও দেশে ফেরত পাঠানোর মতো আইনি জটিলতায় পড়তে হতে পারে বলে সতর্ক করা হয়েছে।



