ভুটানে পেশাদার কর্মী পাঠাতে আগ্রহী বাংলাদেশ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬

ভুটানে পেশাদার ও দক্ষ কর্মী পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জীর সাথে বৈঠকে এ আগ্রহের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটির উন্নয়নে বাংলাদেশ দক্ষ ও আধা-দক্ষ মানবসম্পদ সরবরাহ করতে প্রস্তুত।

তিনি বলেন, এ ধরনের সহযোগিতা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করতে ভূমিকা রাখবে।

বৈঠকে আঞ্চলিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সার্ক প্রতিষ্ঠার উদ্যোগের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী সার্ককে পুনরুজ্জীবিত করতে ভুটানের সমর্থন কামনা করেন। তিনি বলেন, জনগণের সম্মিলিত স্বার্থে আঞ্চলিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, বাংলাদেশের রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুটানের রাষ্ট্রদূত। গত ২৬ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের রাজার সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় উষ্ণ অভ্যর্থনা দেওয়ায় তিনি বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রদূত বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে সব সময় সহযোগিতা পেয়েছেন। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।