বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কতা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যে বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। নানা অভিযোগে দেশটিতে ধরপাকড়ের মধ্যে প্রবাসীদের করণীয় ও বর্জনীয় বিষয়ে সচেতন থাকতে অনুরোধ জানিয়েছে দূতাবাস।

দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, বাহরাইনে কর্মরত বাংলাদেশিদের স্থানীয় আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, সাইবার আইন এবং দেশটির সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে দূতাবাস বলেছে, পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের প্রয়োজনেই এসব মাধ্যম ব্যবহার করা উচিত। কর্মস্থল বা চাকরি-সংক্রান্ত কোনো তথ্য, ছবি কিংবা ভিডিও প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে হবে।

অপরিচিত ব্যক্তি, অজানা লিংক ও সন্দেহজনক বার্তার ক্ষেত্রে সতর্ক থাকতে এবং প্রতারণা ও ফিশিং থেকে দূরে থাকতে বলা হয়েছে। কোনো তথ্য বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের আগে এর সত্যতা যাচাই এবং উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।

যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

দূতাবাস জানিয়েছে, সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ কোনো সংগঠনের সাথে সংশ্লিষ্ট পোস্ট, ছবি কিংবা ভিডিও শেয়ার করা যাবে না। গুজব, ভুয়া তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার থেকেও বিরত থাকতে হবে।

ইসরায়েল-ফিলিস্তিন বা ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে এমন কোনো পোস্ট না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যা স্থানীয় আইন লঙ্ঘনের কারণ হতে পারে। একইভাবে রাজনৈতিক বা নিষিদ্ধ অনলাইন প্রচারণায় অংশ না নেওয়ার ওপরও জোর দেওয়া হয়েছে।

যথাযথভাবে যাচাই না করে কোনো ব্যক্তি বা সংগঠনে অনুদান না দেওয়া এবং কর্মস্থল, বিমানবন্দর, বন্দর ও নিরাপত্তাসংশ্লিষ্ট স্থানের ছবি বা ভিডিও প্রকাশ না করার নির্দেশ দিয়েছে দূতাবাস।

এ ছাড়া পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাবের তথ্যসহ ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করতে বলা হয়েছে। ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে—এমন পোস্ট বা মন্তব্য থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

প্রতারণা থেকে দূরে থাকার আহ্বান

ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন ও সন্দেহজনক বিনিয়োগের প্রস্তাবে জড়িত না হওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস। কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন করে এমন পোস্ট বা মন্তব্য করতেও নিষেধ করা হয়েছে।

দূতাবাস বলেছে, প্রবাসীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় স্থানীয় আইন মেনে চলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ করা জরুরি। সামান্য অসতর্কতাও বড় ধরনের সমস্যার কারণ হতে পারে। তাই বর্তমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।