মালয়েশিয়ায় ৯ মাসে ৫৭ হাজারের বেশি অভিবাসী আটক

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬

মালয়েশিয়ায় চলতি বছরের প্রথম ৯ মাসে ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। একই সময়ে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ৭২০ জন নিয়োগকর্তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে ৯ হাজার ৭০০টি অভিযান পরিচালনা করা হয়েছে। ইমিগ্রেশন বিভাগের অপারেশনবিষয়ক উপ-মহাপরিচালক দাতুক লোকমান এফেন্দি রামলি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আটক অভিবাসীদের মধ্যে যাদের বৈধ কাগজপত্র নেই, যাদের অবস্থানের মেয়াদ শেষ হয়ে গেছে অথবা যারা পাস ও পারমিটের অপব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়া থেকে স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ নিয়েছেন বিভিন্ন দেশের অন্তত ৩ লাখ ৭০ হাজার অভিবাসী।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের আইনসম্মতভাবে নিজ দেশে ফেরার সুযোগ দেওয়া এবং ডিটেনশন সেন্টারগুলোর ওপর চাপ কমানোর উদ্দেশ্যে এই কর্মসূচি চালু করা হয়েছে। তবে যারা আগে থেকে নিবন্ধন করেননি, ইমিগ্রেশনের কালো তালিকায় রয়েছেন অথবা কোনো কর্তৃপক্ষের খোঁজে রয়েছেন, তারা এই সুযোগ পাবেন না।

অভিবাসন বিভাগের কর্মকর্তা লোকমান এফেন্দি রামলি জানান, নয় মাসে পরিচালিত ৯ হাজার ৭০০ অভিযানে বিপুলসংখ্যক বিদেশিকে জিজ্ঞাসাবাদ ও যাচাই করা হয়েছে।

সর্বশেষ তেরেঙ্গানুর কুয়ালা তেরেঙ্গানুর শ্রী কলাম অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ১৩৩ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের মধ্যে ১৯ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশি, ১৪ জন মিয়ানমারের এবং চারজন ইন্দোনেশিয়ার নাগরিক।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, মেয়াদোত্তীর্ণ অবস্থায় মালয়েশিয়ায় থাকা এবং পাস বা পারমিটের অপব্যবহারের অভিযোগ রয়েছে।