সৌদিতে বেআইনি কর্মী নিয়োগে ১ লাখ রিয়াল জরিমানা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৬

সৌদি আরবে বেআইনিভাবে প্রবাসী কর্মী নিয়োগ কিংবা অন্য প্রতিষ্ঠানের স্পন্সরশিপে থাকা কর্মীকে কাজে নিয়োগ দিলে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। একই সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও মালিকদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির বিধান রয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো নিয়োগকর্তা তার স্পন্সর করা কর্মীকে নিজের প্রতিষ্ঠানের বাইরে বা অন্য কারও জন্য কাজ করার সুযোগ দিলে, অথবা অন্য নিয়োগকর্তার স্পন্সরশিপে থাকা কর্মীকে কাজে নিয়োগ করলে এই শাস্তি প্রযোজ্য হবে।

এ ধরনের ঘটনায় সর্বোচ্চ পাঁচ বছর নতুন কর্মী নিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম স্থানীয় গণমাধ্যমে প্রকাশ এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড দেওয়া হতে পারে।

ব্যবস্থাপক প্রবাসী হলে কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর তাকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, একই ঘটনায় একাধিক কর্মী জড়িত থাকলে জরিমানার পরিমাণ সংশ্লিষ্ট কর্মীর সংখ্যা অনুযায়ী বাড়বে। অর্থাৎ একজনের ক্ষেত্রে যে জরিমানা প্রযোজ্য হবে, একাধিক কর্মী জড়িত থাকলে সেই পরিমাণ কর্মীর সংখ্যা দিয়ে গুণ করা হবে।

এ ছাড়া সৌদি কর্তৃপক্ষ নিয়োগকর্তা ও কর্মীদের আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত আইন মেনে চলার জন্য সতর্ক করেছে। দেশটিতে বৈধভাবে কর্মসংস্থান ও বসবাসের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও নিয়ম অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।