পাসপোর্ট দ্বিতীয়বার হারালে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬
পাসপোর্ট হারানো, চুরি বা সম্পূর্ণ বিনষ্ট হলে পুনঃইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে দ্বিতীয়বার বা পরবর্তী প্রতিবার পাসপোর্ট হারালে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
গত ২১ সেপ্টেম্বর জারি করা এক পরিপত্রে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, পাসপোর্ট হারানো বা চুরি হলে প্রথমেই অনলাইনে তা রিপোর্ট করতে হবে। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে রিপোর্ট জমা দেওয়ার পর পাসপোর্টের তথ্য হালনাগাদ করা হবে। একই সঙ্গে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে।
জিডি করার পর পুলিশ ৭২ ঘণ্টার মধ্যে এর সত্যতা যাচাই করে প্রতিবেদন পাঠাবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন না এলে জিডির কপি দিয়েই নতুন পাসপোর্টের জন্য আবেদন করা যাবে। এরপর বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর ‘লস্ট সার্কুলার’ জারি করে নতুন পাসপোর্ট ইস্যুর প্রক্রিয়া সম্পন্ন করবে।
পরিপত্রে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা ট্রাভেল এজেন্সির কাছে পাসপোর্ট জমা দেওয়ার পর সেটি অবৈধভাবে আটকে রাখা হয়েছে—এমন প্রমাণ পাওয়া গেলে আগের পাসপোর্ট বাতিল করে নতুন পাসপোর্ট দেওয়া হবে।
হারানো বা চুরি হওয়া পাসপোর্টের তথ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন ম্যানেজমেন্ট সিস্টেমে হালনাগাদ করা হবে। প্রয়োজন হলে বিষয়টি ইন্টারপোলকেও জানানো হতে পারে।
বিদেশে পাসপোর্ট হারালে
বিদেশে অবস্থানকালে পাসপোর্ট হারালে অনলাইনে রিপোর্ট করার পাশাপাশি সংশ্লিষ্ট বাংলাদেশি দূতাবাস বা হাইকমিশনকে বিষয়টি জানাতে হবে। সংশ্লিষ্ট মিশন ‘লস্ট সার্কুলার’ জারি করে পুনঃইস্যুর প্রক্রিয়া সম্পন্ন করবে।
নতুন পাসপোর্টের ডেটা পেজে আগের পাসপোর্ট হারানোর বিষয়টি উল্লেখ থাকবে। পাশাপাশি আগের পাসপোর্টের তথ্য সংশ্লিষ্ট ডেটাবেজে হালনাগাদ করা হবে।
পরিপত্র অনুযায়ী, নতুন পাসপোর্টে আবেদনকারীর নাম, জন্মতারিখ, বাবার নাম ও মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তন করা যাবে না। তবে প্রচলিত আইন অনুযায়ী অনুমোদিত সংশোধনের আবেদন পৃথকভাবে বিবেচনা করা হবে।
ক্ষতিগ্রস্ত পাসপোর্টের ক্ষেত্রেও নিয়ম
পাসপোর্ট আংশিক ক্ষতিগ্রস্ত হলে সেটি জমা দিয়ে নতুন পাসপোর্টের জন্য আবেদন করা যাবে। তবে পাসপোর্ট সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেলে হারানো পাসপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম অনুসরণ করতে হবে।
এ ছাড়া কোনো পাসপোর্ট হারানো হিসেবে রিপোর্ট করার পর সেটি বাতিল হয়ে গেলে পরবর্তী সময়ে পাসপোর্টটি পাওয়া গেলেও তা আর সক্রিয় করা যাবে না। এ অবস্থায় পাসপোর্টটি পাওয়া গেলে দ্রুত থানায় এবং পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে বিষয়টি জানাতে হবে। বিদেশে থাকলে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশনকেও অবহিত করতে হবে।



