প্রবাসীদের সেবায় বিশেষ সেল গঠন সরকারের

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৬

বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ নামে একটি বিশেষ সেল গঠন করেছে।

২৪ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সেলের মাধ্যমে প্রবাসীরা সহজে ও দ্রুত তাদের বিভিন্ন সমস্যার কথা জানাতে পারবেন। নির্দিষ্ট ই-মেইল ঠিকানায় অভিযোগ পাঠালেই তা গ্রহণ করা হবে।

অভিযোগ পাঠানোর ই-মেইল ঠিকানা হলো—minister.expat@gmail.com।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই সেল প্রবাসীদের অভিযোগ সরাসরি গ্রহণ করবে। এরপর অভিযোগের বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিদেশে কাজ করতে গিয়ে প্রবাসীরা বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হন। কখনো নিয়োগকর্তার সাথে চুক্তি ভঙ্গ, বেতন সময়মতো না পাওয়া, ভিসা কিংবা আবাসনসংক্রান্ত জটিলতায় পড়তে হয় তাদের। এসব সমস্যা সমাধানে অনেক সময় দীর্ঘসূত্রতা দেখা যায়। নতুন সেলের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তির সময় কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রবাসীদের অভিযোগ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। তাদের নিরাপত্তা, অধিকার ও কর্মসংস্থান রক্ষায় মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করবে।