বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে প্রবাসী নেতাদের বৈঠক

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৬

বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের ভিসা-পাসপোর্ট জটিলতা, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধনের তথ্যের অমিল, বিশেষ পেনশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি নিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন কমিউনিটির ১৬টি সংগঠনের নেতারা।

বাহরাইনে বাংলাদেশ দূতাবাস ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে পাসপোর্টের সাথে এনআইডি ও জন্মনিবন্ধনের তথ্যের অসঙ্গতি দূর করার দাবি জানান সংগঠনগুলোর নেতারা।

এমন সময়ে বৈঠকটি অনুষ্ঠিত হলো, যখন আট বছর ধরে বন্ধ থাকা বাহরাইন-বাংলাদেশ শ্রমবাজার চালুর চেষ্টা চলছে। মন্ত্রী পর্যায়ের বৈঠকের পরও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

বৈঠকে বাংলাদেশ স্কুলের নতুন ভবন নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়া এবং দেশে ফেরার পর প্রবাসীদের জন্য বিশেষ পেনশন সুবিধা চালুর বিষয়েও আলোচনা হয়।

কমিউনিটির নেতারা বলেন, এসব দাবির অনেকগুলো সরকারের নীতিগত সিদ্ধান্তের সাথে সম্পর্কিত। তাই রাষ্ট্রদূতের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিগুলো পৌঁছে দেওয়ার পাশাপাশি বাহরাইন প্রবাসীদের একটি প্রতিনিধি দলকে বাংলাদেশ সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সাথে সাক্ষাতের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তারা।

বৈঠকে রাষ্ট্রদূত প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা আন্তরিকতার সাথে শোনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।