মালয়েশিয়ায় ৮৮০ বিদেশি আটক, বাংলাদেশি ১৪৭

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৬

ইমিগ্রেশন আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। ১৪ থেকে ১৮ সেপ্টেম্বর—এই পাঁচ দিনে দেশটির বিভিন্ন এলাকায় ১৮৫টি অভিযান চালিয়ে ৮৮০ বিদেশিকে আটক করা হয়েছে।

এরই মধ্যে ২২ সেপ্টেম্বর কেদাহর জিত্রা ও পোকোক সেনায় ‘অপস সাপু’ অভিযানে ২৮ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ১২ জন বাংলাদেশি, ১২ জন মিয়ানমারের এবং চারজন ইন্দোনেশিয়ার নাগরিক।

চারটি স্থানে চালানো এসব অভিযানে মোট ৬৩ জনকে পরীক্ষা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ পাস বা পারমিট না থাকা এবং ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

এদিকে সাম্প্রতিক আরেক অভিযানে সেপাংয়ে ১৭৩ বিদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৪৭ জনই বাংলাদেশি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অন্য প্রতিষ্ঠানের PLKS ব্যবহার এবং সোশ্যাল ভিজিট পাসের অপব্যবহারের অভিযোগ রয়েছে।

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বৈধ পাসপোর্ট, ভিসা ও কাজের অনুমতিপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি এসব নথির মেয়াদ শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং অনুমোদিত প্রতিষ্ঠানের বাইরে কাজ না করার বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।

এ ছাড়া অবৈধ দালাল বা জাল কাগজপত্রের মাধ্যমে বৈধতা পাওয়ার চেষ্টা করলে গ্রেপ্তারসহ আইনি জটিলতায় পড়ার ঝুঁকি রয়েছে।