বাংলাদেশি লাইসেন্স নিয়ে আমেরিকায় গাড়ি চালাতে পারবেন, জানুন নিয়ম
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৬
আমেরিকায় বেড়াতে যাওয়া বাংলাদেশিরা বৈধ বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিছু স্টেটে গাড়ি চালাতে পারেন। তবে পুরো আমেরিকায় এ বিষয়ে একই নিয়ম বা সময়সীমা নেই। কেউ ভিজিটর হিসেবে আছেন, নাকি সংশ্লিষ্ট স্টেটের বাসিন্দা হয়েছেন—তার ওপরও নিয়ম ভিন্ন হতে পারে।
নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকলসের (ডিএমভি) তথ্য অনুযায়ী, অন্য দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী ভিজিটররা নিউইয়র্কে গাড়ি চালাতে পারেন। ভিজিটরদের জন্য নির্দিষ্ট ১২ মাসের সময়সীমার কথা ডিএমভির নির্দেশনায় নেই। তবে নিউইয়র্কের বাসিন্দা হলে ৩০ দিনের মধ্যে স্টেটের ড্রাইভিং লাইসেন্স নিতে হবে।
ক্যালিফোর্নিয়ায় ১৮ বছরের বেশি বয়সী ভিজিটররা নিজ দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারেন। তবে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা হলে ১০ দিনের মধ্যে স্টেটের ড্রাইভিং লাইসেন্স নিতে হয়।
টেক্সাসের নিয়ম অনুযায়ী, বিদেশি ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করা যায় সর্বোচ্চ এক বছর পর্যন্ত অথবা টেক্সাসের বাসিন্দা হওয়ার আগ পর্যন্ত—যেটি আগে ঘটে। নতুন বাসিন্দাদের ৯০ দিনের মধ্যে টেক্সাসের ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হয়।
আইডিপি নিয়ে যা জানা দরকার
ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট বা আইডিপি নিয়েও অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে। নিউইয়র্কে বিদেশি ড্রাইভিং লাইসেন্সের সাথে আইডিপি বাধ্যতামূলক নয়। তবে বিদেশি লাইসেন্সের তথ্য বুঝতে আইডিপি সহায়ক হতে পারে।
আইডিপি মূল ড্রাইভিং লাইসেন্সের বিকল্প নয়। বাংলাদেশে আইডিপি ইস্যুর অনুমোদিত প্রতিষ্ঠান হলো অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
তাই ‘বাংলাদেশি লাইসেন্সে পুরো আমেরিকায় ১২ মাস গাড়ি চালানো যায়’ কিংবা ‘আইডিপি না থাকলে কোনো ভাড়ার গাড়ি পাওয়া যায় না’—এ ধরনের একক নিয়ম ধরে নেওয়া ঠিক নয়।
গাড়ি চালানোর আগে সংশ্লিষ্ট স্টেটের ডিএমভির নিয়ম এবং গাড়ি ভাড়া করার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্সসংক্রান্ত শর্ত জেনে নেওয়া উচিত। কারণ স্টেটভেদে গাড়ি চালানোর নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্রে পার্থক্য থাকতে পারে।



