মালয়েশিয়ায় ন্যূনতম বেতন ২ হাজার রিঙ্গিত করার প্রস্তাব
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬
মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী শ্রমিকদের ন্যূনতম বেতন বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। বর্তমানে ১ হাজার ৭০০ রিঙ্গিত ন্যূনতম বেতন থেকে বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত করার প্রস্তাব বিবেচনা করছে দেশটির সরকার। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মালয়েশিয়ার অর্থমন্ত্রী আকমল নাসরুল্লাহ বলেছেন, শ্রমিকদের কল্যাণের পাশাপাশি ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতাও বিবেচনায় নেওয়া হচ্ছে। ফলে বেতন বাড়ানোর সিদ্ধান্ত এমনভাবে বাস্তবায়ন করতে চায় সরকার, যাতে শ্রমিক ও নিয়োগকর্তা উভয় পক্ষের ওপর ভারসাম্য থাকে।
মালয়েশিয়ার দৈনিক সিনার হারিয়ান-এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ৯ অক্টোবর বাজেট উপস্থাপনের সময় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ বিষয়ে ঘোষণা দিতে পারেন।
প্রস্তাবটি বাস্তবায়ন হলে বর্তমানে ন্যূনতম বেতনে থাকা বিদেশি শ্রমিকদের আয়ও বাড়তে পারে। তবে কোন খাতে, কোন ধরনের শ্রমিকের জন্য এবং কবে থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে, তা চূড়ান্ত সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
এদিকে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রামানান রামাকৃষ্ণান জানিয়েছেন, ২ হাজার, ২ হাজার ১০০ কিংবা ২ হাজার ২০০ রিঙ্গিত—কোনো অঙ্কই এখনো অনুমোদন করা হয়নি।
ফলে মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের ন্যূনতম বেতন শেষ পর্যন্ত কত নির্ধারণ করা হবে, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।



