চট্টগ্রাম-সিলেট থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চায় বাংলাদেশ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬
বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চালুর আহ্বান জানিয়েছেন তিনি।
সচিবালয়ে তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, দুই দেশের মধ্যে সংস্কৃতি, পর্যটন ও মানুষের যোগাযোগ বাড়ানোর বিপুল সুযোগ রয়েছে।
বর্তমানে টার্কিশ এয়ারলাইন্স ঢাকা-ইস্তাম্বুল রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করছে। তুরস্ক এ রুটে আরও তিনটি ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করেছে। মন্ত্রী জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে আরও ফ্লাইট পরিচালনার সুযোগ তৈরি হবে।
চট্টগ্রাম ও সিলেট থেকে সরাসরি তুরস্কে ফ্লাইট চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এ দুই অঞ্চলে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি রয়েছেন। তাদের আন্তর্জাতিক যাতায়াতের চাহিদা রয়েছে। সরাসরি ফ্লাইট চালু হলে উভয় দেশের মানুষের যোগাযোগ আরও সহজ হবে।
পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, বাংলাদেশে ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পট পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগে সরকার সক্রিয়ভাবে উৎসাহ দিচ্ছে। এ ক্ষেত্রে তুরস্কের অভিজ্ঞতা বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও আলোচনা হয়। মন্ত্রী বলেন, জনগণের মধ্যে যোগাযোগ, ব্যবসা ও পর্যটন বাড়াতে ভিসা সুবিধা সহজ করা অত্যন্ত জরুরি। এতে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হবে।
বৈঠকে উভয় পক্ষ বিমান চলাচল, পর্যটন, বিনিয়োগ ও জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করে। বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়লে দুই দেশের জনগণই উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।



