দক্ষ কর্মী না পাঠালে সংখ্যা বাড়িয়ে লাভ নেই: প্রবাসী কল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬
দক্ষতা ছাড়া কর্মীরা বিদেশে গিয়ে অনিশ্চয়তার মুখে পড়েন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, শুধু কর্মী পাঠানোর সংখ্যা বাড়িয়ে লাখ লাখ মানুষকে বিদেশে পাঠালে দেশের প্রকৃত লাভ হবে না। বিদেশে কর্মীদের পাঠানোর আগে তাদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
বুধবার (১ অক্টোবর) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য ট্রলি কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় তিনি প্রবাসী কল্যাণ ডেস্কও পরিদর্শন করেন। পরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়।
মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আপ্রাণ চেষ্টা করছি। দক্ষ শ্রমিক তৈরি করতে হবে। এজন্য বিভিন্ন ইনস্টিটিউশনের মাধ্যমে ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। যাতে বিদেশে গিয়ে তারা অনিশ্চয়তায় না থাকে।’
এ সময় তিনি বিদেশগামী যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুযোগ-সুবিধা ও ভোগান্তির বিষয়ে খোঁজখবর নেন।
প্রবাসী কর্মীদের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে দ্রুত একটি জরুরি চিকিৎসাকেন্দ্র স্থাপনের নির্দেশ দেন মন্ত্রী। তিনি জানান, চিকিৎসাকেন্দ্রের জন্য স্থান নির্বাচনের কাজ চলছে। প্রবাসী কর্মীদের প্রয়োজনীয় সব ধরনের সুবিধা দিতে সরকার প্রস্তুত।
ফ্লাইট বিলম্ব বা সময়সূচি বিপর্যয়ের কারণে প্রবাসী যাত্রীদের ভোগান্তির বিষয়েও কথা বলেন মন্ত্রী। বিমানবন্দর শহর থেকে দূরে হওয়ায় এ ধরনের পরিস্থিতিতে তাদের থাকা-খাওয়ার সমস্যা আরো বেড়ে যায়।
এ সমস্যা সমাধানে বিমানবন্দরের পাশে একটি রেস্টহাউস নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘যাত্রীরা যেন যেকোনো পরিস্থিতিতে স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন, সে জন্য রেস্টহাউস নির্মাণ করা হবে।’



