বিদেশি শ্রমবাজারে ৪ ভাষা জানলে কাজের সুযোগ

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

বিদেশি শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অবস্থান আরো শক্তিশালী করতে কারিগরি দক্ষতার পাশাপাশি ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

চট্টগ্রামে শ্রম আদালতের বিচারক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে শুধু কারিগরি দক্ষতা থাকলেই হবে না। কর্মসংস্থানের গন্তব্য দেশের ভাষা জানা না থাকলে আন্তর্জাতিক শ্রমবাজারে পিছিয়ে পড়তে হয়। তাই প্রশিক্ষণ কার্যক্রমে জাপানি, ইংরেজি, আরবি ও কোরিয়ান ভাষা শেখানোর ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

চট্টগ্রাম নগরের নাসিরাবাদে শিল্প সম্পর্ক শিক্ষায়তনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে মন্ত্রী বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

সভায় চট্টগ্রাম শ্রম আদালতের অবকাঠামোগত বিভিন্ন সমস্যার বিষয়ও তুলে ধরা হয়। এসব সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।

প্রায় ৪৫ মিনিটের মতবিনিময় সভায় শ্রম খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশি কর্মীদের ভাষা দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তা গুরুত্ব পায়।

সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং শ্রম আদালতের বিচারকেরা উপস্থিত ছিলেন।