আলো দিয়ে মস্তিষ্কের কোষ নিয়ন্ত্রণ, নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৬
২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে। প্রথম দিনেই চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিকস নিয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য এ বছর যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন কার্ল ডেইসেরোথ, পিটার হেগেমান ও গেয়র্গ নাগেল।
সোমবার (৫ অক্টোবর) সুইডেনের স্টকহোমে কারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি এ পুরস্কার ঘোষণা করে। নোবেল কমিটি জানিয়েছে, তাঁদের গবেষণা জীবন্ত মস্তিষ্কের নির্দিষ্ট স্নায়ুকোষের কার্যক্রম আলো ব্যবহার করে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের সুযোগ তৈরি করেছে।
তিন বিজ্ঞানীর গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ ফল হলো অপটোজেনেটিকস। এই পদ্ধতিতে জেনেটিক প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট কোষকে আলোর প্রতি সংবেদনশীল করা হয়। এরপর আলো ব্যবহার করে ওই কোষের কার্যক্রম চালু বা বন্ধ করা যায়। ফলে মস্তিষ্কের বিভিন্ন স্নায়ুকোষ কীভাবে কাজ করে এবং একে অপরের সাথে যোগাযোগ করে, তা আরও নির্ভুলভাবে গবেষণা করা সম্ভব হচ্ছে।
নোবেল কমিটির ভাষ্য অনুযায়ী, এ পদ্ধতি এখন বিশ্বের বিভিন্ন গবেষণাগারে মস্তিষ্কের জটিল কার্যক্রম বোঝার গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে স্নায়ুবিজ্ঞান ও বিভিন্ন স্নায়বিক রোগ নিয়ে গবেষণায় এর গুরুত্ব রয়েছে।
এ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পাওয়ার অন্যতম আলোচিত সম্ভাব্য বিষয় ছিল জিএলপি-১ নিয়ে গবেষণা। ক্ষুধা ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভূমিকা রাখা এই হরমোনকে ঘিরে গবেষণার ভিত্তিতে স্থূলতা ও ডায়াবেটিসের চিকিৎসায় নতুন ধরনের ওষুধ তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত নোবেল কমিটি ডেইসেরোথ, হেগেমান ও নাগেলের অপটোজেনেটিকস-সংক্রান্ত গবেষণাকেই পুরস্কারের জন্য বেছে নেয়।
নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা। তিন বিজয়ীর মধ্যে এ অর্থ ভাগ করে দেওয়া হবে। এর সাথে তাঁরা পাবেন একটি করে মেডেল ও সনদপত্র।
চিকিৎসাবিজ্ঞানের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে ২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হলো। এরপর পর্যায়ক্রমে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।



