আবাসন সংকটে স্পেনে বড় বিক্ষোভ, ভাড়া কমানোর দাবি
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৬
ক্রমবর্ধমান আবাসন সংকটের প্রতিবাদে স্পেনজুড়ে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। রাজধানী মাদ্রিদসহ প্রায় ৫০টি শহরে রাস্তায় নেমে বাড়িভাড়া নিয়ন্ত্রণ, উচ্ছেদ বন্ধ এবং সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।
৩ অক্টোবরের এই বিক্ষোভকে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় আবাসন আন্দোলন হিসেবে দেখা হচ্ছে। তবে এতে অংশ নেওয়া মানুষের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। কর্তৃপক্ষের হিসাবে দেশজুড়ে প্রায় ৭০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। আয়োজকদের দাবি, এই সংখ্যা প্রায় পাঁচ লাখ।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আবাসন সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপ যথেষ্ট নয়। বাড়িভাড়া ও জীবনযাত্রার ব্যয় বাড়তে থাকায় সাধারণ মানুষের জন্য বাসস্থান নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।
সম্প্রতি স্পেনের পার্লামেন্টে সরকারের প্রস্তাবিত আবাসন সংস্কারের দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগও পাস হয়নি। এসব প্রস্তাবের মধ্যে ২০৩০ সাল পর্যন্ত উচ্ছেদ স্থগিত রাখা, অস্থায়ীভাবে বাড়িভাড়া নিয়ন্ত্রণ এবং কক্ষভিত্তিক ভাড়ার ওপর বিধিনিষেধ আরোপের মতো পদক্ষেপ ছিল।
মাদ্রিদে সম্প্রতি ৮৭ বছর বয়সী এক নারীকে দীর্ঘদিনের বাসা থেকে উচ্ছেদের ঘটনাও আবাসন সংকট নিয়ে ক্ষোভ বাড়িয়েছে। অভিযোগ রয়েছে, একটি বিনিয়োগ তহবিল তার ভাড়া ২৩০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয়। ওই ভাড়া পরিশোধে অসমর্থ হওয়ায় পরে তাকে বাসা ছাড়তে হয়।
বিক্ষোভে অংশ নেওয়া ২৬ বছর বয়সী নান্দো দে আঙ্গুলো বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক। তার ভাষ্য, জনগণকে রাজনীতিকদের সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে; অথচ জনগণের প্রয়োজনের সঙ্গে রাজনীতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা দেখা যাচ্ছে না।
আবাসন সংকট এখন স্পেনের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। সরকারের আবাসন সংস্কারের প্রস্তাব সংসদে আটকে যাওয়ায় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ওপর রাজনৈতিক চাপও বাড়ছে।
দেশটির বিভিন্ন গণমাধ্যমে নভেম্বরে আগাম নির্বাচন হতে পারে—এমন আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
অধিকাংশ শহরে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও দক্ষিণ-পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।
একপর্যায়ে প্রায় ৩০ জন বিক্ষোভকারী ভ্যালেন্সিয়ার বিখ্যাত ‘সিটি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস’ এলাকায় প্রবেশ করলে পুলিশ তাদের সেখান থেকে বের করে দেয়।



