নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, জরুরি অবস্থা ঘোষণা
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬
হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় আমেরিকার নিউইয়র্ক অঙ্গরাজ্যে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর ক্যাথি হোকুল। ২০২৫ সাল থেকে দেশটিতে হামের প্রকোপ বাড়তে শুরু করার পর এবারই প্রথম কোনো অঙ্গরাজ্যে এমন পদক্ষেপ নেওয়া হলো।
সংক্রমণ নিয়ন্ত্রণে এমএমআর (হাম-মাম্পস-রুবেলা) টিকা দেওয়ার জন্য অনুমোদিত স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়িয়েছে নিউইয়র্ক রাজ্য সরকার। রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
নিউইয়র্কের নির্বাহী আদেশ অনুযায়ী, চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত অঙ্গরাজ্যে ১০৮ জন হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ১৫ জুলাই থেকে ১৮টি গ্রামীণ কাউন্টিতে ৯২ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে, যা স্বাভাবিক বার্ষিক হারের তুলনায় অনেক বেশি।
আক্রান্তদের মধ্যে সাতজন নিউইয়র্ক সিটির বাসিন্দা এবং ১০১ জন অঙ্গরাজ্যের অন্যান্য গ্রামীণ এলাকার বাসিন্দা। কম টিকাপ্রাপ্ত এলাকাগুলোতে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।
পরিস্থিতি মোকাবেলায় ১৫ জুলাইয়ের পর থেকে স্থানীয় স্বাস্থ্য বিভাগ গ্রামীণ এলাকাগুলোতে এক হাজারের বেশি টিকার ডোজ বিতরণ করেছে।
প্রতিবেশী পেনসিলভানিয়া অঙ্গরাজ্যেও হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। ২ অক্টোবর পর্যন্ত সেখানে অন্তত ৯৭৭ জন আক্রান্ত এবং পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্তদের বড় একটি অংশ নিউইয়র্ক সীমান্তবর্তী এলাকার বাসিন্দা।
পেনসিলভানিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে, যা গত তিন দশকের মধ্যে অঙ্গরাজ্যটিতে সবচেয়ে বড় হামের প্রাদুর্ভাব। নতুন নির্বাহী আদেশের আওতায় নিবন্ধিত নার্সরা সন্দেহভাজন রোগীদের সরাসরি পরীক্ষার নির্দেশ দিতে পারবেন। পাশাপাশি ফার্মাসিস্টরা দুই বছর বয়সী শিশুদেরও টিকা দিতে পারবেন। টিকার সব তথ্য ৭২ ঘণ্টার মধ্যে সরকারি রেজিস্ট্রিতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশটিতে প্রায় ৩ হাজার ৯০০ মানুষ হামে আক্রান্ত হয়েছেন। ১৯৯১ সালের পর এটিই আমেরিকায় সবচেয়ে বড় হামের প্রাদুর্ভাব।
সোমবার (৫ অক্টোবর) থেকে নিউইয়র্কে জারি হওয়া জরুরি অবস্থা আগামী ৪ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।



