রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে আরো সক্রিয় হচ্ছে ভারত

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসানে ভারত আরো সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন, কৃষ্ণ সাগরে নৌ চলাচলের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং সংঘাত কমানোর বিভিন্ন বিষয় নিয়ে ভারত রাশিয়া ও ইউক্রেন—দুই দেশের সঙ্গেই আলোচনা করছে।

ব্লুমবার্গের এক প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, সম্প্রতি এক সম্মেলনে জয়শঙ্কর বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ভারত শুধু বক্তব্য দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে সংঘাত নিরসনের প্রচেষ্টায় আরো সরাসরি যুক্ত হয়েছে।

জয়শঙ্কর বলেন, ‘কৃষ্ণ সাগরে নৌ চলাচলের নিরাপত্তা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি জ্বালানি সরবরাহ এবং সম্ভাব্য ‘আক্রমণ না করার’ বিষয় নিয়েও আলোচনা চলছে।’

তার এই বক্তব্যে রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনে ভারতের আরো সক্রিয় ভূমিকা নেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ভারত শুরু থেকেই যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে। তবে রাশিয়ার সরাসরি সমালোচনা থেকে নয়াদিল্লি বিরত থেকেছে। ইউক্রেন যুদ্ধের নিন্দা জানিয়ে জাতিসংঘে অনুষ্ঠিত বিভিন্ন ভোটাভুটিতেও ভারত ভোটদানে বিরত থেকেছে।

আগস্টের শেষ দিকে কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকে তিনি সংঘাতের অবসানের আহ্বান জানান।

জয়শঙ্কর বলেন, যুদ্ধের অবসানে সংলাপ ও কূটনীতির কোনো বিকল্প নেই। রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক সময়ের সঙ্গে আরো বিস্তৃত হয়েছে বলেও জানান তিনি।

বর্তমানে দুই দেশের সহযোগিতা জ্বালানি, মহাকাশ ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। সেপ্টেম্বরে ব্রিকস সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে আবারও বৈঠক করেন মোদি। বৈঠকে দুই নেতা ভারত-রাশিয়ার সম্পর্ক আরো গভীর করার অঙ্গীকার করেন।

এমন সময়ে এই বৈঠক হয়, যখন আমেরিকা ভারতকে রাশিয়া থেকে দূরত্ব বজায় রাখার জন্য চাপ দিচ্ছিল। ভারতের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ককে কাজে লাগিয়ে নয়াদিল্লিকে রুশ তেল কেনা বন্ধের জন্য চাপ দেওয়া হয়।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় ভারত রাশিয়া থেকে তেল আমদানি কিছুটা কমালেও পরে তা আবার বেড়ে যায়।

প্রতিরক্ষা ক্ষেত্রেও রাশিয়া ভারতের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী। ভারতীয় সামরিক বাহিনীর কাছে রুশ নির্মিত শত শত যুদ্ধবিমান এবং একাধিক এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সঙ্গে চার দিনের সংঘাতের সময় এসব প্রতিরক্ষা ব্যবস্থার কয়েকটি ব্যবহার করা হয়েছিল।