রাহুল-প্রিয়াঙ্কা আটক, বাসের টায়ার পাংচার করলেন কংগ্রেস কর্মীরা
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬
ভারতে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার (এসআইআর) প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবিতে বিক্ষোভ করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ ইন্ডিয়া জোটের কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। টানা দ্বিতীয় দিনের মতো বুধবার (৭ অক্টোবর) এ বিক্ষোভ হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যন্তর মন্তরের দিকে যাওয়ার পথে পুলিশ বিরোধী দলের নেতাদের বাধা দিলে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন নেতা রাস্তায় বসে পড়েন। পরে তাঁদের আটক করে বাসে তোলা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ ধাক্কা দিয়ে তাঁদের বাসে তোলে।
এরপর কংগ্রেস কর্মীরা একটি বাসের টায়ার পাংচার করে দেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এর আগে মধ্য দিল্লির একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার শেষে বিরোধী দলের সাংসদরা যন্তর মন্তরের উদ্দেশে রওনা হন। পুলিশ রাহুল গান্ধীসহ কয়েকজন নেতাকে বাসে তুলে নেয়। অন্য নেতাদের আটক করতে গেলে ইন্ডিয়া জোটের নেতারা বাস থেকে নেমে রাস্তায় বসে পড়েন। রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীও পুলিশের অনুরোধ উপেক্ষা করে সেখানে অবস্থান নেন।
একপর্যায়ে প্রিয়াঙ্কা গান্ধী রাস্তায় শুয়ে পড়েন। তিনি বলেন, ‘সাংসদদের সঙ্গে এভাবে আচরণ করা হয়? এটা নজিরবিহীন। আমরা এখান থেকে নড়ব না।’
পুলিশ জানিয়েছে, যন্তর মন্তরে বিক্ষোভ বা সমাবেশ করতে আগে অনুমতি নেওয়ার নিয়ম রয়েছে। নির্ধারিত কর্মসূচির অন্তত ১০ দিন আগে নয়াদিল্লি জেলার ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি)-এর কাছে এ জন্য আবেদন করতে হয়। তবে বিক্ষোভের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি বলে পুলিশের দাবি।
এর আগের দিনও নির্বাচন কমিশনের সদর দপ্তরে যেতে বাধা দেওয়ায় আকাশবাণী ভবনের সামনে অবস্থান নেওয়ার সময় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলের নেতাদের আটক করা হয়েছিল।
এদিকে সন্ধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের আমন্ত্রণে দিল্লির জনপথের একটি রেস্তোরাঁয় বৈঠকে বসেন ইন্ডিয়া জোটের নেতারা। ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে ‘ভোট চুরি’র অভিযোগ আরও জোরালো করা এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি সামনে রেখে পরবর্তী কর্মসূচি নির্ধারণে বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে খার্গে অভিযোগ করেন, দেশের গণতন্ত্র ধ্বংস করা হচ্ছে। বিরোধী দল ‘ভোট চুরি’র অভিযোগ সাধারণ মানুষের কাছে তুলে ধরবে বলেও জানান তিনি।
এর আগে জনপথের সাগর রত্ন রেস্তোরাঁর বাইরে রাখা কয়েকটি বাসে করে বিরোধী দলের সাংসদরা যন্তর মন্তরের দিকে রওনা হন। পথে পুলিশ বাসগুলো থামিয়ে দেয় এবং যন্তর মন্তরের বিভিন্ন সড়কে ব্যারিকেড বসায়। ফলে তাঁরা নির্ধারিত স্থানে পৌঁছাতে পারেননি।
রাহুল গান্ধী অবশ্য যন্তর মন্তরেই বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এবং ‘ভোট চুরি’র অভিযোগের প্রতিবাদে কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।



