জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা কমিটিতে নির্বাচিত সুফিউর রহমান
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬
জাতিসংঘের মানবাধিকার পরিষদের (ইউএনএইচআরসি) উপদেষ্টা কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমান। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে তাঁকে নির্বাচিত করা হয়েছে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ।
১৯৬৪ সালের ১ ডিসেম্বর জন্ম নেওয়া সুফিউর রহমান বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি জেনেভায় জাতিসংঘের দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এবং নিউজিল্যান্ড ও ফিজিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
পাশাপাশি হলি সি-তে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন সুফিউর রহমান।
বর্তমানে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করছেন।



