হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে ৭৮ দেশের সঙ্গে সৌদির বৈঠক

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৬

২০২৭ সালের হজকে সামনে রেখে আগাম প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। হজযাত্রীরা সৌদিতে পৌঁছানোর আগেই বিভিন্ন দেশের সঙ্গে প্রস্তুতি, পরিচালন পরিকল্পনা ও সেবা ব্যবস্থাপনা সমন্বয়ে ধারাবাহিক বৈঠক করছে দেশটির হজ ও উমরা মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে বিশ্বের ৭৮ দেশের হজবিষয়ক অফিসের সঙ্গে প্রস্তুতি বৈঠক করেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকগুলোতে হজ প্রস্তুতির বিভিন্ন ধাপের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি অনুমোদিত সময়সূচি বাস্তবায়ন, হজ প্যাকেজের প্রক্রিয়া এবং অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিষয়েও আলোচনা হয়।

হজযাত্রীদের আবাসন, পরিবহন, খাবার সরবরাহ ও ভিড় ব্যবস্থাপনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে। এ ছাড়া হজযাত্রীদের সচেতনতা ও দিকনির্দেশনামূলক কর্মসূচি এবং হজ পরিচালনায় প্রযোজ্য নিয়মকানুন নিয়েও আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন দেশের হজবিষয়ক অফিসগুলোর প্রস্তুতি ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রস্তুতি প্রক্রিয়ায় কোনো সমস্যা দেখা দিলে তা আগেই শনাক্ত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি ধাপের জন্য দায়িত্ব ও সময়সীমাও নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের হজের প্রস্তুতি কার্যক্রম শুরু হয় গত মে মাসে। ওই সময় বিভিন্ন দেশের হজবিষয়ক অফিসে প্রস্তুতিসংক্রান্ত নথি ও পরিচালন সূচি পাঠানো হয়। একই সঙ্গে আগের হজ মৌসুমের কার্যক্রমেরও ব্যাপক মূল্যায়ন করা হয়।

সৌদি কর্তৃপক্ষের ভাষ্য, আগাম ও সমন্বিত পরিকল্পনার লক্ষ্য হলো হজযাত্রীদের জন্য আরো সুশৃঙ্খল, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করা। সৌদি ভিশন ২০৩০-এর আওতায় পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেও এ প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এসপিএ জানিয়েছে, হজের বিভিন্ন কার্যক্রম আগেভাগে সমন্বয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর হজবিষয়ক অফিস, সেবাদাতা প্রতিষ্ঠান ও সৌদি কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় আরো জোরদার করা হচ্ছে।