ইউক্রেনে দুই বাসে রাশিয়ার গ্লাইড বোমা হামলায় নিহত ৩৩

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইন শহর ক্রামাতোরস্কে যাত্রীবাহী দুটি বাসে গ্লাইড বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৩৩ জন নিহত এবং আরো ১৮ জন আহত হয়েছেন।

স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তা ও কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। দোনেৎস্ক আঞ্চলিক প্রশাসনের প্রধান ভাদিম ফিলাশকিন অভিযোগ করেছেন, বেসামরিক মানুষের প্রাণহানি বাড়াতেই রুশ বাহিনী পরিকল্পিতভাবে যাত্রীবাহী বাস দুটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

স্থানীয় কৌঁসুলির দপ্তর থেকে প্রকাশিত ছবিতে হামলার পর রাস্তায় বাস দুটির পোড়া ধাতব কাঠামো পড়ে থাকতে দেখা গেছে। আশপাশে ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষও।

নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় ক্রামাতোরস্ক ও পার্শ্ববর্তী স্লোভিয়ানস্ক শহরে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

দোনেৎস্ক অঞ্চলে থাকা বেসামরিক নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ভাদিম ফিলাশকিন। তিনি বলেন, ‘যাত্রী ও চালকদের জীবন ঝুঁকিতে ফেলার কোনো অধিকার আমাদের নেই।’

ক্রামাতোরস্ক সিটি কাউন্সিল হামলাটিকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রুশ বাহিনীর ‘ভয়াবহ অপরাধ’ বলে অভিহিত করেছে। তাদের দাবি, হামলার স্থানে কোনো সামরিক স্থাপনা ছিল না।