সৌদি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি হামলায় তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবারের (৮ অক্টোবর) এসব হামলায় বিভিন্ন দেশের আরো কয়েকজন নাগরিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে কারো আঘাত সামান্য, আবার কারো অবস্থা গুরুতর।

শুক্রবার (৯ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কর্তৃপক্ষ জানায়, প্রথম হামলাটি বিমানবন্দরের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। দ্বিতীয় হামলার লক্ষ্য ছিল সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার একটি উড়োজাহাজ। হামলায় বিমানবন্দরের কিছু স্থাপনা ও সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে।

হামলার পরপরই আহতদের হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে পরে বিমানবন্দরের কার্যক্রম আবার চালু হয় এবং আকাশপথে বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বৃহস্পতিবার রিয়াদ বিমানবন্দরে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে। তবে হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে দায়ীদের নাম উল্লেখ করা হয়নি।