আমেরিকার উপকূলে আঘাত হানতে পারে হারিকেন ‘ইসাইয়াস’

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৬

আমেরিকার উপসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘ইসাইয়াস’। অগ্রসর হওয়ার পথে শক্তি বাড়িয়ে এটি ক্যাটাগরি ২ হারিকেনে পরিণত হয়েছে। ঝড়টির আঘাতে ফ্লোরিডার প্যানহ্যান্ডেল, দক্ষিণ আলাবামা ও দক্ষিণ মিসিসিপি অঞ্চলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

মিয়ামিভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার গভীর রাত অথবা শনিবার ভোরে স্থলভাগে আঘাত হানার সময় ঝড়টি আরো শক্তিশালী হতে পারে।

হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, ‘ইসাইয়াস’-এর সর্বোচ্চ একটানা বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০৫ মাইল বা প্রায় ১৬৫ কিলোমিটার। এটি ঘণ্টায় ১৪ মাইল বা প্রায় ২২ কিলোমিটার গতিতে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ঝড়টি মিসিসিপি নদীর মোহনা থেকে প্রায় ২৩০ মাইল বা ৩৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।

মিসিসিপির ওশান স্প্রিংস থেকে ফ্লোরিডার বে-গালফ কাউন্টি লাইন পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া মিসিসিপি নদীর মোহনা থেকে সুওয়ানি নদী পর্যন্ত বিস্তৃত এলাকায় জলোচ্ছ্বাসের সতর্কতা দেওয়া হয়েছে।

ঝড়ের তীব্রতা বাড়ায় রাজ্য কর্তৃপক্ষ উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর আওতায় রয়েছে ওকালুসা দ্বীপ, উপকূলীয় ফোর্ট ওয়ালটন বিচের কিছু অংশ, ডেস্টিন, মেরি এস্থার ও নাইসভিল এলাকা।

ন্যাশনাল হারিকেন সেন্টারের পরিচালক মাইকেল ব্রেনান সতর্ক করে বলেছেন, স্থলভাগে আঘাত হানার সময় ‘ইসাইয়াস’ অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। ঝড়টি এগিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তর উপসাগরীয় উপকূলের পরিস্থিতির দ্রুত অবনতি ঘটতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

এ অবস্থায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়া এবং নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।