যুদ্ধবিমান চালনায় থাই রানির নতুন মাইলফলক
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৬
প্রথমবারের মতো এককভাবে গ্রিপেন যুদ্ধবিমান চালিয়ে নতুন নজির গড়লেন থাইল্যান্ডের রানি সুথিদা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দক্ষিণ থাইল্যান্ডের সুরাত থানি প্রদেশের উইং ৭ বিমানঘাঁটি থেকে এক আসনবিশিষ্ট জেএএস ৩৯সি গ্রিপেন যুদ্ধবিমান নিয়ে আকাশে ওড়েন তিনি।
বিমান চালনায় দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন রানি সুথিদার এই উড্ডয়নকে তাঁর বিমান চালনার অভিজ্ঞতায় গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রানি সুথিদা বিভিন্ন ধরনের বিমানে মোট ১ হাজার ১৮৮ ঘণ্টারও বেশি সময় উড্ডয়ন করেছেন। সেসনা, পিলাটাস ও পাইপার বিমানের পাশাপাশি বোয়িং ৭৩৭ যাত্রীবাহী বিমান চালানোর অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
২০১০ সালের ১৩ মে ব্যাংককের উইং ৬ বিমানঘাঁটি থেকে সেসনা টি-৪১ডি বিমান চালিয়ে প্রথমবার আকাশে ওড়েন সুথিদা। পরে এক আসনের গ্রিপেন যুদ্ধবিমান চালানোর অভিজ্ঞতাও অর্জন করেন তিনি। রাজকীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সফরে রাজার সঙ্গে সহপাইলট হিসেবেও দায়িত্ব পালন করেছেন রানি।
গত বছরের এপ্রিলে ভুটান সফরের সময় রাজা ও রানি একসঙ্গে একটি রাজকীয় বিমান পরিচালনা করেন। পরে তাঁরা পারো বিমানবন্দরে অবতরণ করেন, যা কঠিন অবতরণপথের জন্য পরিচিত।
গ্রিপেন যুদ্ধবিমানে উড্ডয়নের আগে রানি সুথিদা বিমান চালানোর পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং নেন এবং বিমানটি পরীক্ষা করেন। এ সময় উপস্থিত ছিলেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন।
উড্ডয়ন শেষে রানিকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান রাজা। এ ছাড়া তাঁকে বিশেষ ‘গ্রিপেন অর্ডার গোল্ডেন প্যাচ’ উপহার দেওয়া হয়। সুইডেনে তৈরি এই যুদ্ধবিমান চালানোর সঙ্গে সংশ্লিষ্ট বিশেষ স্বীকৃতির প্রতীক হিসেবে প্যাচটি দেওয়া হয়েছে।



