নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন, আটক নেহা বোরা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬
ভারতের ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ। তাঁকে একটি পুলিশ বাসে রাখা হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা বাসটি ঘিরে রাখেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেহা বোরা জানান, ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের স্থান পরিবর্তন করা হয়েছে। নয়াদিল্লির যন্তর মন্তরের পরিবর্তে বিক্ষোভের স্থান নির্ধারণ করা হয়েছে দিল্লি হাটে।
এ ঘোষণার পরই নেহা বোরাকে আটক করা হয়।
২৯ বছর বয়সী নেহা বোরা দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী। তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশনের ছাত্রসংগঠন এআইএসএর সভাপতি।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও তরুণদের নেতৃত্বে চলা আন্দোলনে গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন নেহা বোরা।



