দিল্লিতে বিক্ষোভে যাওয়ার পথে আটক কেজরিওয়াল
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘স্বৈরাচারী’ আখ্যা দেওয়ার পর দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে আটক করা হয়েছে। তিনি যন্তর মন্তরে চলমান বিক্ষোভে যোগ দিতে যাচ্ছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আটক হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কেজরিওয়াল লেখেন, ‘এখন আনুষ্ঠানিকভাবেই বলা যায়, আমরা মোদির চরম স্বৈরশাসনের মধ্যে আছি। উড়োজাহাজ থেকে নামার আগেই সিজেপি নেতাদের গ্রেপ্তার করা নজিরবিহীন ভয়ের বহিঃপ্রকাশ।’
পোস্টে তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে জয়ী হয়েছেন বলে জানেন। নিজের এই জালিয়াতি আড়াল করতেই তিনি গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন বলেও দাবি করেন কেজরিওয়াল।
পোস্টের শেষ দিকে তিনি লেখেন, ‘জ্ঞানেশকে বিদায় নিতে হবে, মোদিকেও বিদায় নিতে হবে।’



