আমার আটটি নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ছিল: ট্রাম্প

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৬

বিশ্বজুড়ে আটটি যুদ্ধের অবসান ঘটানো, ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার মতো সাফল্যের দাবি করেও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১০ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এসব দাবি করেন। ট্রাম্প বলেন, আটটি যুদ্ধের নিষ্পত্তি করেছেন তিনি। আরও দুটি যুদ্ধ—ইরান এবং রাশিয়া-ইউক্রেন সংঘাত—সমাধান বা জয়ের কাছাকাছি রয়েছেন।

ট্রাম্পের দাবি, কম্বোডিয়া-থাইল্যান্ড, কসোভো-সার্বিয়া, কঙ্গো-রুয়ান্ডা, পাকিস্তান-ভারত, ইসরায়েল-ইরান, মিসর-ইথিওপিয়া, আর্মেনিয়া-আজারবাইজান এবং ইসরায়েল-হামাস সংঘাতের অবসানে তিনি ভূমিকা রেখেছেন। এসব উদ্যোগের জন্য সংশ্লিষ্ট দেশগুলোর নেতারা নোবেল কমিটির কাছে চিঠিও পাঠিয়েছেন বলে দাবি করেন তিনি।

ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার কৃতিত্বও দাবি করেন ট্রাম্প। তাঁর ভাষ্য, জীবিত ও মৃত—সব ইসরায়েলি জিম্মিকে ফিরিয়ে আনা হয়েছে। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের শত শত জিম্মিকে মুক্ত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

পোস্টে ট্রাম্প আরও দাবি করেন, ভেনেজুয়েলায় যুদ্ধে জয়ী হয়েছেন তিনি এবং দেশটির শাসক নিকোলাস মাদুরোকে আটক করেছেন। পাশাপাশি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার কথাও উল্লেখ করেন তিনি। ইরানকে ‘সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেন আমেরিকার প্রেসিডেন্ট।

এত সাফল্যের পরও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় বিস্ময় প্রকাশ করে ট্রাম্প লেখেন, তাঁর কিংবা আমেরিকার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ছিল। তিনি আরও দাবি করেন, আটটি যুদ্ধের অবসানে ভূমিকা রাখার জন্য তাঁর আটটি নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ছিল।

উল্লেখ্য, ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও সাবেক জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাভি পিল্লে। আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর কাজের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে।