আদালত থেকে মুক্ত অভিজিৎ দীপকেসহ ৩ জন
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রঙ্কাকে আদালত মুক্তি দিয়েছেন। অন্যদিকে, ইউটিউবার ধ্রুব রাঠিকে শনিবার গভীর রাতে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
রোববার (১১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বাংলানিউজ২৪।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ কর্মসূচির আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করে পুলিশ। পরে গভীর রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
মুক্তির পর ধ্রুব রাঠি দাবি করেন, তাঁকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, বরং ‘অপহরণ’ করা হয়েছিল। বাড়ি ফিরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করে অনুসারীদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি পুরো ঘটনা ভিডিওতে তুলে ধরার কথাও জানান।
পুলিশের এক কর্মকর্তা পিটিআইকে বলেন, ধ্রুব রাঠি নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে তাঁকে আবার আটক করা হতে পারে অথবা তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
এদিকে, রোববার সকালে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের নেতা সৌরভ দাস ও আশুতোষ রঙ্কাকে প্রতিরোধমূলক আটকের পর দিল্লি ক্যান্টনমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে নেওয়া হয়। পরে আদালত তাঁদের মুক্তির নির্দেশ দেন।
প্রতিবেদন অনুযায়ী, আগামী এক বছর শান্তিভঙ্গ হতে পারে—এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভের আয়োজন করেছিল সিজেপি। কর্মসূচির দ্বিতীয় দিনেও বিক্ষোভ অব্যাহত ছিল।
এর আগে শনিবার রাজনীতিবিদসহ তিন হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছিল। পরে রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়। যন্তর মন্তরে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। এতে বিক্ষোভকারীরা দিল্লির বিভিন্ন স্থানে ছোট ছোট দলে বিভক্ত হয়ে পড়েন।
সূত্র: এনডিটিভি, পিটিআই ও বাংলানিউজ২৪



