সৌদিতে ছবি-ভিডিও শেয়ার করলেই শাস্তি, বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সাথে সৌদি আরবের আইন মেনে চলা এবং দেশটির কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা নির্দেশনা অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দূতাবাসের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি-সম্পর্কিত ছবি, ভিডিও বা তথ্য ধারণ, মুঠোফোনে সংরক্ষণ, অন্যের সাথে আদান-প্রদান কিংবা ফেসবুক, ইউটিউব ও এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আরবের আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে এ ধরনের ছবি, ভিডিও ও স্পর্শকাতর তথ্য প্রচার এবং আদান-প্রদান থেকে সম্পূর্ণ বিরত থাকতে প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে দূতাবাস।
এ ছাড়া নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ ও জনবহুল এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
জরুরি প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের নির্ধারিত হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।
দূতাবাসের দেওয়া নম্বর অনুযায়ী, শ্রমসংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৫ এবং পাসপোর্টসংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৬ নম্বরে বিনা মূল্যে কল করা যাবে। ডিপ্লোম্যাটিক উইং-সংক্রান্ত প্রয়োজনে ৮০০১০০০১২৪ নম্বরে যোগাযোগ করা যাবে।
এ ছাড়া মৃত্যু-সংক্রান্ত জরুরি প্রয়োজনে +৯৬৬৫৭০২১২১৮০ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের ফেসবুক পেজ: https://www.facebook.com/bdembassyriyadh



