সুপ্রিম কোর্টে ইন্ডিয়া জোট নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীর আইনি লড়াই

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬

ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (এসআইআর) নিয়ে অনিয়ম ও ভোট চুরির অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তাঁর সাথে ইন্ডিয়া জোটের আরও সাত নেতা এ মামলার আবেদনকারী হয়েছেন। পিটিশনে নির্বাচন কমিশনকে বিবাদী করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সুপ্রিম কোর্টে মামলাটি দায়ের করা হয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আইনজীবী এস প্রসন্নর মাধ্যমে আদালতের ফাইলিং কাউন্টার বন্ধ হওয়ার ঠিক আগে পিটিশনটি জমা দেওয়া হয়। মামলার শিরোনাম রাখা হয়েছে ‘রাহুল গান্ধী বনাম নির্বাচন কমিশন অব ইন্ডিয়া’।

রাহুল গান্ধী ছাড়াও আবেদনকারীদের তালিকায় রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী প্রসাদ যাদব, শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) দলের সাংসদ সঞ্জয় রাউত, সিপিআই(এম) নেতা এম এ বেবি এবং সিপিআই নেতা ডি রাজা।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদ চালিয়ে যাচ্ছে বিরোধী জোট ইন্ডিয়া। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম এবং সাধারণ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী নেতারা। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিও জানিয়েছেন তাঁরা।

এরই ধারাবাহিকতায় সোমবার দিল্লির কনট প্লেস থেকে সুপ্রিম কোর্টের উদ্দেশে ‘চলো দিল্লি’ পদযাত্রায় নেতৃত্ব দেন রাহুল গান্ধী। কর্মসূচিতে তাঁর সাথে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলের নেতাকর্মীরা।

প্রতিবেদন অনুযায়ী, দিল্লির কনস্টিটিউশন ক্লাব থেকে বাসে করে রওনা হন বিরোধী নেতারা। পরে তাঁরা বাস থেকে নেমে কর্মীদের সাথে পদযাত্রায় অংশ নেন। সুপ্রিম কোর্টের দিকে এগিয়ে যাওয়ার সময় ভগবান দাস মার্গে মিছিলটি আটকে দেয় পুলিশ।

এসআইআর-সংক্রান্ত কয়েকটি মামলার শুনানি মঙ্গলবার সুপ্রিম কোর্টে হওয়ার কথা রয়েছে। রাহুল গান্ধী ও অন্য বিরোধী নেতাদের দায়ের করা পিটিশনটিও ওই মামলাগুলোর সাথে শুনানির জন্য তালিকাভুক্ত হতে পারে বলে জানা গেছে।

এর আগে প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে বিরোধী নেতাদের সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যাত হওয়ার পর তাঁরা আইনি পদক্ষেপের পথে এগোন। তবে রাহুল গান্ধীদের দায়ের করা নতুন পিটিশনের শুনানির বিষয়ে আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।

এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধীদের অভিযোগ এবং নির্বাচন কমিশনের ভূমিকা ঘিরে ভারতের রাজনীতিতে বিতর্ক আরও জোরালো হয়েছে। মামলাটির পরবর্তী কার্যক্রমের দিকে এখন নজর রয়েছে রাজনৈতিক মহলের।