প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে চার সদস্যের কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬
জাপান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চার সদস্যের এই কমিটিকে চার কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিমান কর্তৃপক্ষ।
শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) কে সভাপতি করা হয়েছে। অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যবস্থাপক (আইনবিষয়ক)।
অফিস আদেশে কমিটিকে উড়োজাহাজটির কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্ঘাটনের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা পর্যালোচনা করতে বলা হয়েছে।
এ ছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটের বিলম্ব, যাত্রীদের ভোগান্তি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর কী ধরনের প্রভাব পড়েছে, তা নিরূপণ করবে কমিটি।
এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে বিজি-৩৭৭ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ওই ফ্লাইটে প্রধানমন্ত্রী তারেক রহমান ছিলেন। ঘটনার কারণ অনুসন্ধানে পরদিনই তদন্ত কমিটি গঠন করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস।



