বিদেশে বসেই এনআইডি পেলেন ৬০ হাজার বাংলাদেশি

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৬

বিদেশে বসবাসরত ১৯টি দেশের প্রায় ৬০ হাজার বাংলাদেশি নাগরিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেয়েছেন। তাঁদের মধ্যে ৩০ হাজারের বেশি পেয়েছেন স্মার্টকার্ড। বাকিদের স্মার্টকার্ড পরবর্তী সময়ে দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) ইসির এনআইডি তৈরি সংক্রান্ত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৯টি দেশ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৮ হাজার ২০৬ জন বাংলাদেশি এনআইডির জন্য আবেদন করেছেন। তাঁদের মধ্যে ৫৯ হাজার ৩১৭ জনের আবেদন অনুমোদন করে এনআইডি দেওয়া হয়েছে। তবে স্মার্টকার্ড পেয়েছেন ৩০ হাজার ১৮৩ জন। বাকিরা অনলাইন থেকে এনআইডি কার্ডের পিডিএফ কপি ডাউনলোড করেছেন। তাঁদের স্মার্টকার্ড সংশ্লিষ্ট দেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, তদন্তে ৩৭ হাজার ৬৯২টি আবেদন বাতিল হয়েছে। এ ছাড়া ২ হাজার ১৩২ জনের আবেদন তদন্তের অপেক্ষায় রয়েছে।

সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, আমেরিকা, মালদ্বীপ, ওমান, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সিঙ্গাপুর ও বাহরাইন থেকে ২ নভেম্বর পর্যন্ত আসা আবেদনগুলোর ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করেছে ইসি। সুইডেনের পাশাপাশি নরওয়ে ও ফিনল্যান্ডে বসবাসরত প্রবাসীদের এনআইডি কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

এদিকে নতুন করে স্পেন, জার্মানি ও হংকংয়েও এনআইডি সেবা চালু হচ্ছে।

সবচেয়ে বড় পরিসরে এনআইডি কার্যক্রম পরিচালিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম এবং আমেরিকার নিউইয়র্ক, মিশিগান, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেসে। এসব কেন্দ্র থেকেই মোট আবেদনের বড় অংশ জমা পড়েছে।