স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশ, বন্ধুকে হত্যা করে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬
স্ত্রীর ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করাকে কেন্দ্র করে বন্ধুকে হত্যার দায়ে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুয়েতের একটি আদালত। মঙ্গলবার দেশটির ফৌজদারি আদালত এ রায় দেন।
বুধবার (৪ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কুয়েতের পাবলিক প্রসিকিউশনের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরা হয়।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি ছিলেন অভিযুক্ত বাংলাদেশির বন্ধু। একবার বন্ধুর বাসায় বেড়াতে গিয়ে তিনি অভিযুক্তের স্ত্রীর অনুমতি ছাড়াই তার ছবি তোলেন। পরে ছবিগুলো নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন। ছবি প্রকাশের পর সেগুলোতে বিভিন্ন আপত্তিকর মন্তব্য আসতে থাকে।
বিষয়টি জানতে পেরে বন্ধুকে ছবিগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ করেন অভিযুক্ত। কিন্তু তিনি তাতে রাজি হননি। বরং আরও ছবি প্রকাশ করেন। এ নিয়ে অভিযুক্ত ও তার স্ত্রীর মধ্যে বিরোধ তৈরি হয়। একপর্যায়ে বন্ধুর ওপর ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার পরিকল্পনা করেন ওই বাংলাদেশি।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, পরিকল্পনা বাস্তবায়নে একটি ছুরি নিয়ে বন্ধুর কর্মস্থলের বাইরে অপেক্ষা করেন অভিযুক্ত। পরে বন্ধু কর্মস্থল থেকে বের হলে তার ওপর ছুরি দিয়ে হামলা চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আদালতে হত্যার দায় স্বীকার করেন অভিযুক্ত। তিনি জানান, নিহত ব্যক্তির সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তবে স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশ করাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। বারবার অনুরোধ করার পরও ছবি সরানো না হওয়ায় তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন।
আদালত অভিযুক্তের স্বীকারোক্তি ও মামলার অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনা করে হত্যাকাণ্ডটিকে ইচ্ছাকৃত ও পূর্বপরিকল্পিত বলে বিবেচনা করেন। পরে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।



