সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬
সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’। হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর সেবা এবং হাজিদের সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রোববার সন্ধ্যায়। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ। অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী উপস্থিত ছিলেন।
এতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সংশ্লিষ্ট সরকারি প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
হজ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্মার্ট সমাধান এবং হাজিদের সেবার মান উন্নয়নে এবারের প্রদর্শনীতে অংশ নিয়েছে ৩২৫টির বেশি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান।
এদিকে, সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ স্বাক্ষর করবেন।
এ চুক্তির মাধ্যমে আগামী বছরের হজ ব্যবস্থাপনা এবং এ-সংক্রান্ত দুই দেশের কার্যক্রম নিয়ে আনুষ্ঠানিক সমঝোতা হবে।



