কোরিয়ায় দক্ষ কর্মী পাঠাতে নতুন সম্ভাবনা, আলোচনায় E-7 ভিসা
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি দক্ষ কর্মী পাঠানোর সুযোগ সম্প্রসারণে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এ লক্ষ্যে E-7 ভিসার আওতায় দক্ষ কর্মী নিয়োগের সম্ভাবনা নিয়ে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকের সঙ্গে বৈঠক করেছেন কোরিয়া-বাংলাদেশ ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পল লি।
মঙ্গলবার (১০ নভেম্বর) বোয়েসেলে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বোয়েসেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, E-7 ভিসার আওতায় দক্ষ জনশক্তি পাঠানোর সম্ভাবনা, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন তাঁরা।
এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের দক্ষ কর্মীদের জন্য দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি দেশ দুটির মধ্যে শিক্ষা ও কর্মসংস্থানবিষয়ক সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে।
E-7-4 ভিসায় আবেদনের যেসব সুযোগ ও শর্ত
উল্লেখ্য, গত আগস্টে দক্ষিণ কোরিয়ার মানবসম্পদ উন্নয়ন সংস্থার (এইচআরডি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোরিয়ান ভাষার পরীক্ষা ছাড়াই E-7-4 ভিসার আবেদন করা যাবে। এ ক্ষেত্রে ‘কে-পয়েন্ট E-7-4’ স্কোরিং পদ্ধতিতে ৩০০-এর মধ্যে অন্তত ১৫০ পয়েন্ট থাকতে হবে। তবে পরবর্তী সময়ে ভিসা নবায়নের আগে ভাষাগত দক্ষতার সনদ জমা দিতে হবে। পরিবারের সদস্যদের দক্ষিণ কোরিয়ায় নেওয়ার প্রক্রিয়া শুরু করতেও ভাষাগত যোগ্যতা প্রয়োজন হবে।
আবেদনের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে, গত ১০ বছরের মধ্যে দক্ষিণ কোরিয়ায় অন্তত চার বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে রাজধানী সিউলের বাইরে তিন বছর অথবা জনসংখ্যা কম এমন এলাকায় দুই বছর কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে।
এ ছাড়া বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানে অন্তত এক বছর কাজ করা, নিয়োগকর্তার সুপারিশপত্র এবং বছরে কমপক্ষে ২৬ মিলিয়ন ওন বেতনে দুই বছরের চাকরির চুক্তিপত্র থাকতে হবে।
অদক্ষ কর্মীদের জন্য E-9 ভিসায় সর্বোচ্চ চার বছর ১০ মাস থাকার সুযোগ থাকলেও E-7-4 ভিসার মাধ্যমে দীর্ঘমেয়াদে দক্ষিণ কোরিয়ায় বসবাসের সুযোগ রয়েছে। সাধারণ নিয়মে এ ভিসার জন্য ২০০ পয়েন্ট প্রয়োজন হয়।
ভিসাসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দক্ষিণ কোরিয়ার ইমিগ্রেশন কনট্যাক্ট সেন্টার ১৩৪৫ অথবা এইচআরডি কোরিয়া সেন্টারের ১৫৭৭-০০৭১ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।



