২৩ হাজার যাত্রীর ভোগান্তি, রিয়াদ রুটে ফ্লাইট বন্ধ রাখছে বিমান

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬

সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচল স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ রুটে বিমানের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

বুধবার (১১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সৌদি আরবের গন্তব্যগুলোতে ফ্লাইট পরিচালনার বিষয়ে পূর্বঘোষিত সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ২০২৬ সালের ৩০ নভেম্বর পর্যন্ত নিয়মিত ফ্লাইট স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে।

তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। এসব গন্তব্যে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিমান।

সংস্থাটি আরও জানিয়েছে, সৌদি আরবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং এর ফলে যাত্রীদের নিরাপত্তার ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনা করেই ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সৌদিগামী ফ্লাইটের সময়সূচি, টিকিট পরিবর্তন, অর্থ ফেরত বা রিফান্ড এবং ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে রিয়াদ রুটে ফ্লাইট বাতিল ও স্থগিতের কারণে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত রোববার পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী ১৮৬টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২৩ হাজার ১৬১ জন যাত্রী।

বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্যে আরও জানা যায়, বাতিল বা স্থগিত ফ্লাইটের মধ্যে ১০৯টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৫টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২৩টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের তালিকায় সবচেয়ে বেশি রয়েছে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের ৩০টি ফ্লাইট। এ ছাড়া ইমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার ঘটনায় গত অক্টোবর থেকে নিরাপত্তা উদ্বেগ বাড়তে থাকে। বিশেষ করে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সৌদিগামী ফ্লাইট পরিচালনায় সতর্কতা জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আরও বাড়াল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।