বাহরাইনের রাস্তায় হারিয়েছিলেন মানসিক ভারসাম্য

৩২ বছর পর পরিবারের কাছে ফিরলেন লিলুফা

ডেল্টা ডেস্ক

ডেল্টা ডেস্ক

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬

পরিবারের একটু ভালো থাকার আশায় ৩২ বছর আগে বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল গ্রামের লিলুফা বেগম। দীর্ঘ প্রবাসজীবন, পরিবারের সঙ্গে বিচ্ছিন্নতা, মানসিক অসুস্থতা ও কারাবাসের অভিজ্ঞতা শেষে দেশে ফিরেছেন তিনি। তবে দেশে ফেরার পর নিজের পরিবারের সদস্যদের নাম ও যোগাযোগের তথ্যও ঠিকমতো জানাতে পারছিলেন না ৫৩ বছর বয়সী এই নারী। শেষ পর্যন্ত ব্র্যাকের সহযোগিতায় ৩২ বছর পর পরিবারের কাছে ফিরেছেন লিলুফা।

গত ১১ নভেম্বর দেশে ফেরার পর বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক জরুরি সহায়তার জন্য তাকে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের কাছে হস্তান্তর করে।

ব্র্যাক জানায়, বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে লিলুফাকে উত্তরায় ব্র্যাক লার্নিং সেন্টারে নেওয়া হয়। সেখানে তার ব্যক্তিগত পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় পোশাক ও জরুরি সামগ্রী সরবরাহের পাশাপাশি নিরাপদ পরিবেশে থাকা ও পরিচর্যার ব্যবস্থা করা হয়। তবে শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে তার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে।

দীর্ঘক্ষণ কথা বলার একপর্যায়ে জানা যায়, তার বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলায়। এরপর ব্র্যাকের মানিকগঞ্জের মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টারের কর্মীরা তার দুই বোনের সন্ধান পান। পরে রাত ১০টার দিকে দুই বোন ঢাকায় এসে পৌঁছান। দীর্ঘদিন পর অসুস্থ বোনকে সামনে পেয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তারা।

লিলুফার দুই বোন মাজেদা বেগম ও শামসুন্নাহার জানান, ১৯৯৪ সালে বাহরাইনে যাওয়ার পর প্রায় চার বছর গৃহকর্মী হিসেবে কাজ করেন লিলুফা। কিন্তু প্রথম কয়েক বছর কোনো পারিশ্রমিক পাননি তিনি। পরে পরিবার জানতে পারে, যে দালালের মাধ্যমে তিনি বিদেশে গিয়েছিলেন, সেই দালাল তার উপার্জিত অর্থ আত্মসাৎ করতেন।

একপর্যায়ে লিলুফার ছোট ভাই বাহরাইনে গিয়ে তাকে খুঁজে বের করেন। এরপর থেকে ভাইয়ের সঙ্গে বসবাস করতেন তিনি। দেশে থাকা বাবা-মায়ের ভরণপোষণের জন্য নিয়মিত অর্থ পাঠাতেন লিলুফা।

দুই বোনের ভাষ্য, প্রায় ১৬ বছর আগে একবার ছুটিতে দেশে এসেছিলেন লিলুফা। পরে আবার বাহরাইনে ফিরে যান। এরপর দীর্ঘদিন পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল না। প্রায় তিন মাস আগে ভাইয়ের মেয়ের বিয়ের সময় পরিবারের সদস্যরা তার খোঁজ জানতে চাইলে ভাই জানান, লিলুফা মানসিক ভারসাম্য হারিয়ে বাহরাইনের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, দুই বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মাহফুজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়। দূতাবাস থেকে জানা যায়, মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাহরাইনের পুলিশ তাকে রাস্তা থেকে উদ্ধার করে। বৈধ কাগজপত্র না থাকায় তাকে কারাগারে পাঠানো হয়। পরে ট্রাভেল পাসের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

শরিফুল হাসান আরও জানান, দেশে ফেরত পাঠানোর আগে দূতাবাস থেকে লিলুফার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তিনি বোনের দায়িত্ব নিতে রাজি হননি।

লিলুফাকে পরিবারের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে শরিফুল হাসান বলেন, তার সুচিকিৎসা নিশ্চিত করাসহ ভবিষ্যতে কীভাবে পাশে থাকা যায়, তা নিয়ে ব্র্যাক কাজ করতে চায়। মা-বাবা ও ভাই-বোনের একটু ভালো থাকার আশায় একজন মানুষ ৩২ বছর বিদেশে কাটিয়েছেন। অথচ জীবনের শেষ পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে তাকে বিদেশের রাস্তায় ঘুরতে হয়েছে। দেশে ফিরেও তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। শারীরিক ও মানসিক দুই দিক থেকেই তিনি অসুস্থ।

তিনি বলেন, এ ধরনের অসহায় ও বিপর্যস্ত প্রবাসফেরত মানুষের পাশে রাষ্ট্রসহ সবার দাঁড়ানো উচিত। বিদেশ থেকে কেউ অসুস্থ, বিপর্যস্ত কিংবা পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ফিরলে যেন প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও পুনর্বাসন সহায়তা পান, সে জন্য একটি কার্যকর ও সমন্বিত কাঠামো গড়ে তোলা জরুরি।

দীর্ঘ ৩২ বছরের প্রবাসজীবন শেষে লিলুফার এই ফিরে আসা শুধু একটি পরিবারের পুনর্মিলন নয়, বরং বিদেশে কর্মরত অসহায় ও বিপর্যস্ত প্রবাসীদের নিরাপত্তা, চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করার প্রয়োজনীয়তাও সামনে এনেছে।