মাইক্রোসফটের বিভ্রাট
নিউজিল্যান্ডে সব ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ
ডেল্টা ডেস্ক
প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬
বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন অনলাইন সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। এতে বাংলাদেশসহ প্রায় ৭৪টি দেশে ই-মেইল সেবা আউটলুক, ভিডিও সম্মেলনের মাধ্যম টিমস এবং মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য সেবা ব্যবহারে ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ।
এদিকে মাইক্রোসফটের এই প্রযুক্তিগত বিভ্রাটের কারণে সব ধরনের ভিসা আবেদনের প্রক্রিয়াকরণ সাময়িকভাবে স্থগিত করেছে নিউজিল্যান্ডের অভিবাসন কর্তৃপক্ষ। একই সাথে দেশটির অনলাইন ব্যবস্থায় নতুন ভিসার আবেদন জমা দেওয়ার কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইমিগ্রেশন নিউজিল্যান্ড (INZ)। তবে নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন ভ্রমণকারীদের জন্য নিউজিল্যান্ড ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (NZeTA) সেবা চালু রয়েছে।
ইমিগ্রেশন নিউজিল্যান্ড জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিসা আবেদনের প্রক্রিয়াকরণ স্থগিত থাকবে। ফলে আগে জমা দেওয়া আবেদনগুলোর সিদ্ধান্ত পেতেও বিলম্ব হতে পারে। এছাড়া উন্নত ইমিগ্রেশন অনলাইন ব্যবস্থার মাধ্যমে নতুন আবেদন জমা দেওয়া যাচ্ছে না। তবে ইতোমধ্যে অনুমোদিত ভিসা বাতিলের কোনো ঘোষণা দেওয়া হয়নি।
প্রযুক্তিগত সমস্যার কারণে নতুন স্বল্পমেয়াদি স্নাতক কর্ম ভিসাসহ (Short-term Graduate Work Visa) কয়েকটি অভিবাসন নীতি কার্যকরের সময় এক সপ্তাহ পিছিয়েছে। আগে ১৬ নভেম্বর এসব পরিবর্তন চালুর কথা থাকলেও নতুন সময়সূচি অনুযায়ী তা ২৩ নভেম্বর কার্যকর হওয়ার কথা রয়েছে।
পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে পড়াশোনা শেষে কাজের ভিসা (Post-Study Work Visa) সংক্রান্ত সংশোধন এবং নির্দিষ্ট কিছু ভিসা আবেদনে ডিজিটাল পাসপোর্ট স্ক্যান ব্যবহারের সুবিধা সম্প্রসারণ।
নিউজিল্যান্ডে পড়াশোনা, চাকরি কিংবা ভ্রমণের উদ্দেশ্যে ভিসার আবেদন করা বাংলাদেশিরাও এ বিভ্রাটের কারণে বিলম্বের মুখে পড়তে পারেন। বিশেষ করে যাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কিংবা চাকরিতে যোগদানের নির্ধারিত সময় রয়েছে, তাদের জন্য এ পরিস্থিতি উদ্বেগের কারণ হতে পারে।
ভিসা কার্যক্রম কবে পুরোপুরি চালু হবে, সে বিষয়ে এখনো কোনো সময়সূচি জানায়নি ইমিগ্রেশন নিউজিল্যান্ড। আবেদনকারীদের দেশটির সরকারি অভিবাসনবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।



