ট্রাম্পের চাপের মুখে ইরানের পাশে চীন ও রাশিয়া

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে চাইছে আমেরিকা। এ পরিস্থিতিতে দেশটির সবচেয়ে বড় তেল ক্রেতা হিসেবে চীন এবং গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে রাশিয়া পাশে রয়েছে। তবে তেহরানকে সমর্থন দেওয়ার পাশাপাশি আমেরিকার সাথে নিজেদের বৃহত্তর স্বার্থের বিষয়টিও বিবেচনায় রাখছে বেইজিং ও মস্কো।

শেনঝেনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেন। আমেরিকা ইরানের ওপর অবরোধ আরও কঠোর করতে চাইলেও চীন তেহরানের প্রধান তেল ক্রেতা হিসেবে সক্রিয় রয়েছে। অন্যদিকে রাশিয়া দেশটিকে রাজনৈতিক ও রসদ সহায়তা দিচ্ছে। বৈঠকে ইরান সরাসরি উপস্থিত না থাকলেও তেহরানের ওপর ওয়াশিংটনের চাপ প্রয়োগের বিষয়টি আলোচনায় আসে।

তেহরানের কাছে চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক ‘কৌশলগত’ হিসেবে পরিচিত। তবে বেইজিং ও মস্কোর দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি কিছুটা জটিল। ইরানকে একঘরে করার আমেরিকার প্রচেষ্টার বিরোধিতা করে দেশ দুটি তেহরানের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। তবে আমেরিকার সঙ্গেও তাদের গুরুত্বপূর্ণ স্বার্থ জড়িত থাকায় ওয়াশিংটনের সঙ্গে দরকষাকষির সমীকরণ বিবেচনায় রেখেই তারা ইরান ইস্যুতে অবস্থান নিচ্ছে।

বর্তমানে ইরানের তেলের সবচেয়ে বড় গন্তব্য চীন। ২০২৫ সালের বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, সমুদ্রপথে ইরানের রপ্তানি করা অপরিশোধিত তেলের ৮০ শতাংশের বেশি কিনেছেন চীনা ক্রেতারা। নিষেধাজ্ঞার কারণে এসব তেলের বড় অংশ স্বাধীন শোধনাগারগুলো কম দামে কিনেছে। এর বিপরীতে চীনের তৈরি পণ্য, যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামালের ওপর ইরানের নির্ভরতা বাড়ছে।

আমেরিকার নিষেধাজ্ঞার কঠোর প্রয়োগ ও সমুদ্রপথে অবরোধের কারণে ইরানের অপরিশোধিত তেল রপ্তানিতে চাপ বেড়েছে। নভেম্বরে ওয়াশিংটন ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে একটি উদ্যোগের ঘোষণা দেয়। এর লক্ষ্য ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে নিষিদ্ধ পণ্য, সামরিক সরঞ্জাম ও অর্থের চলাচল বন্ধ করা।

তা সত্ত্বেও ইরাক, পাকিস্তান ও তুরস্কের বাণিজ্যিক ও নিরাপত্তাসংশ্লিষ্ট স্বার্থের কারণে কঠোর নজরদারির মধ্যেও এ অঞ্চলে পণ্য পরিবহন অব্যাহত রয়েছে।

তবে শিয়ান জিয়াওটং-লিভারপুল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মহসেন সোলহদুস্তের মতে, শুধু চাহিদা থাকলেই ইরানের তেল রপ্তানি টিকিয়ে রাখা সম্ভব নয়; আন্তর্জাতিক বাজারে তেল পৌঁছানোর পথও থাকতে হবে। তিনি বলেন, নতুন তেলবাহী ট্যাংকারগুলো যদি বাজারে পৌঁছাতে না পারে, তাহলে চীনা ক্রেতাদের কেনার আগ্রহ থাকলেও ইরানের রপ্তানি আয় সচল রাখা কঠিন হবে।