তাজমহল দেখতে চেয়েও অনুমতি পেলেন না পাকিস্তানি মন্ত্রী
ডেল্টা আন্তর্জাতিক
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৬
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে যোগ দিতে ভারত সফরে গেছেন পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদিক মালিক। তবে সফরে আগ্রার তাজমহল ও দিল্লির নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি পাননি তিনি। এসসিওর আনুষ্ঠানিক কর্মসূচির বাইরে অন্য কোথাও যাওয়ার অনুমতি দেয়নি ভারত সরকার।
২০২৩ সালে গোয়ায় অনুষ্ঠিত এসসিও বৈঠকে বিলাওয়াল ভুট্টো জারদারির অংশগ্রহণের পর এটিই কোনো পাকিস্তানি কেন্দ্রীয় মন্ত্রীর প্রথম ভারত সফর।
২০২৫ সালের মে মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান চালায়। এর পর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন চলছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানি মন্ত্রীর ভারত সফর নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনেও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
এসসিও বৈঠকে পাকিস্তানি মন্ত্রীকে আমন্ত্রণ জানানোয় ভারতের বিরোধী দলগুলো কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছে। তাদের প্রশ্ন, পেহেলগাম ঘটনার পর এমন কী পরিবর্তন হয়েছে যে পাকিস্তানের প্রতি নীতিতে পরিবর্তন আনতে হলো।
এ ছাড়া পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতের বিষয়ে মুসাদিক মালিকের আক্রমণাত্মক মন্তব্যের বিষয়টিও সামনে এনেছে বিরোধী দলগুলো।
জানা গেছে, ভারত সফরে এসে পাকিস্তানি মন্ত্রী আগ্রার তাজমহল ও রাজধানী দিল্লির নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি চেয়েছিলেন। কিন্তু ভারত সরকার এসসিও বৈঠকের বাইরে অন্য কোনো কর্মসূচিতে অংশ নেওয়ার অনুমতি দেয়নি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, এই সফরে তিনি শুধু এসসিওর অনুষ্ঠানেই যোগ দিতে পারবেন।
২০ থেকে ২২ নভেম্বর ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক পুরানা কেল্লায় প্রথমবারের মতো এসসিওর ‘সভ্যতাগত সংলাপ ফোরাম’ অনুষ্ঠিত হচ্ছে।
ভারত গত ২৮ অক্টোবর জানায়, প্রচলিত রীতি অনুসারে পাকিস্তানসহ এসসিওর সব সদস্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। পরে পাকিস্তান সরকার মুসাদিক মালিকের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে।
পাকিস্তান সরকারের এক বিবৃতিতে বলা হয়, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে এসসিও কাঠামোর মধ্যে সভ্যতাগুলোর সংলাপ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়াতে পাকিস্তান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
২০০১ সালে চীনের সাংহাইয়ে রাশিয়া, চীন, কিরগিজ প্রজাতন্ত্র, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের উদ্যোগে এসসিও প্রতিষ্ঠিত হয়। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান সংস্থাটির পূর্ণ সদস্যপদ লাভ করে। ২০২৩ সালে ইরানও সদস্য হয়।
২০২৪ সালের অক্টোবরে ইসলামাবাদে এসসিওর কাউন্সিল অব হেডস অব গভর্নমেন্টের বৈঠকে ভারতের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ ছাড়া পরবর্তী এসসিও কাউন্সিল অব হেডস অব স্টেটের প্রস্তুতিমূলক বৈঠকে যোগ দিতে ভারত গত মাসে তাদের এসসিও জাতীয় সমন্বয়ক অলোক ডিমরিকে ইসলামাবাদে পাঠিয়েছিল।



