ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় ভয়াবহ আগুন, নিখোঁজ ৩৯

ডেল্টা আন্তর্জাতিক

ডেল্টা আন্তর্জাতিক

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২৬

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমে একটি মিষ্টির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩৯ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

রবিবার (২২ নভেম্বর) নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী জাকার্তা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সেরং জেলায় অবস্থিত ‘ফোনুসা আগুং মুলিয়া’ কারখানায় শনিবার (২১ নভেম্বর) বিকেলে আগুনের সূত্রপাত হয়।

টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, মিষ্টি ও চিনিজাত পণ্য উৎপাদনকারী কারখানাটির বিভিন্ন অংশে আগুন জ্বলছে। এ সময় ভবনের ছাদের একাংশ ধসে পড়তেও দেখা যায়।

উদ্ধারকারী কর্মকর্তা রিজকি দ্বিয়ান্তো জানান, এখন পর্যন্ত ৩৯ জন নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধানে তল্লাশি চলছে। আহত চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রবিবারও কারখানার কিছু অংশে আগুন জ্বলতে থাকায় উদ্ধার অভিযান জটিল হয়ে পড়েছে। উদ্ধারকারী দলের সদস্যরা নিজেদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ করছেন।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

সূত্র: আরব নিউজ